রবীন্দ্র সদন মেট্রোর সাবস্টেশন আগুন, বিঘ্ন মেট্রো পরিষেবা
এদিন রাত ৮টা ৫০ মিনিট নাগাদ হঠাৎই রবীন্দ্রসদনের মেট্রো স্টেশনে আগুন দেখা যায়। সঙ্গে সঙ্গে সেই আগুন নেভানোর চেষ্টা করা হয়। বন্ধ করে দেওয়া হয় আপ ও ডাউন লাইনের মেট্রো চলাচল।
রবীন্দ্র সদনে মেট্রোর সাবস্টেশনে আগুন লেগে ব্যাহত আপ ও ডাউনের মেট্রো চলাচল। মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিট নাগাদ এই অগ্নিকাণ্ডের ফলে রবীন্দ্রসদন থেকে পার্কস্ট্রিট পর্যন্ত বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। অন্ধকার হয়ে যায় মেট্রো স্টেশনগুলি। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে।

এদিন রাত ৮টা ৫০ মিনিট নাগাদ হঠাৎই রবীন্দ্রসদনের মেট্রো স্টেশনে আগুন দেখা যায়। সঙ্গে সঙ্গে সেই আগুন নেভানোর চেষ্টা করা হয়। বন্ধ করে দেওয়া হয় আপ ও ডাউন লাইনের মেট্রো চলাচল। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যতক্ষণ না পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে মেট্রো রেলের পরিষেবা চালু করা সম্ভব নয়।
তবে টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত এবং ধর্মতলা থেকে দমদম পর্যন্ত মেট্রো চালানো হচ্ছে। মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে পার্কস্ট্রিট থেকে কালীঘাট পর্যন্ত। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে আগুন নেভানোর কাজ চালানো হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, তিনটি মেট্রো রেক আটকে পড়ে টানেলে। সেই রেক থেকে ধীরে ধীরে সবাইকে বের করে আনা হয়েছে। মেট্রোর রেকগুলিও সরিয়ে আনা হয়।
মেট্রো রেলে এই দুর্ঘটনার জন্য বিপাকে পড়ছেন যাত্রীরা। যাত্রীদের কাছে অনুরোধ জানানো হয়েছে সহযোগিতার জন্য। বিদ্যুৎ বিপর্যয় মিটিয়ে কখন ফের মেট্রো পরিষেবা শুরু হবে, তা এখনই জানাতে পারছে না কর্তৃপক্ষ।












Click it and Unblock the Notifications