মমতার পুজোর ‘চাঁদা’ ২৮ কোটি! এবার রেড রোডে দুর্গা-কার্নিভাল হবে ২৩ অক্টোবর
এখন দুর্গাপুজোর পরেও আরও এক উৎসব অপেক্ষা করে থাকে বাংলা ও বাঙলির জন্য। সোমবার কলকাতা পুলিশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, এবার বাংলায় দুর্গা কার্নিভাল হবে ২৩শে অক্টোবর।
বাতাসে শিউলির গন্ধ ম-ম করছে, কাশফুলের ফাঁকে দেখা মিলেছে সাদা মেঘের ভেলা। তারই মাঝে বাংলার মুখ্যমন্ত্রী বহু প্রতীক্ষিত ঘোষণাটাও এসে গেল। এখন তো দুর্গাপুজোর পরেও আরও এক উৎসব অপেক্ষা করে থাকে বাংলা ও বাঙলির জন্য। সোমবার কলকাতা পুলিশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, এবার বাংলায় দুর্গা কার্নিভাল হবে ২৩শে অক্টোবর।

এদিন দুর্গাপুজোর মোট ২৮ কোটি টাকা অনুদান ঘোষণা করেন মুখ্যমন্ত্রী, রাজ্যের সমস্ত পুজো কমিটিকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে জানিয়ে দেন তিনি। বাংলার পুজোকে যাতে কেউ টাকা দিয়ে কিনে নিতে না পারেন, তার জন্যও সাবধান করেন। এবং তাঁর সরকার যে সমস্ত পুজো কমিটিকেই উৎসব পালনে যথাসাধ্য সহায়তা করবেন এই দুর্মূল্যের বাজারে, তাও স্পষ্ট করে দেন মমতা।
তিনি জানান, এবার ১৯ থেকে ২২ অক্টোবর দুর্গাপুজোর বিসর্জন হবে। তারপর রেড রোডে দুর্গা-কার্নিভাল অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর। উৎসবের মরশুম শুরুর আগেই জাতীয় উৎসবের ঘোষণা করে তিনি জানান, উৎসব সবার জন্য। সেই আঙ্গিকেই বাংলায় উৎসবের মরশুম শুরু হচ্ছে বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি উড়িয়ে। তারপর একে একে মহালয়া, দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, মহরম, কালীপুজো, দীপাবলি পালনের বার্তা দেন তিনি। সবাইকে শান্তিতে উৎসব পালনের আর্জি জানান।

তার আগেই দুর্গাপুজোর আগে 'কল্পতরু' হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত পুজো কমিটিকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন। রাজ্যের মোট ২৮ হাজার কমিটিকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। সরকারের খরচ হবে ২৮ কোটি টাকা। সেইসঙ্গে এবার লাইসেন্স ফি-ও মকুব করে দেন তিনি।
কলকাতা ও জেলা পুলিশকে এই টাকা কমিটিগুলোর হাতে তুলে দিতে নির্দেশও দেন। ছোট-বড়় ভেদাভেদ না করে মুখ্যমন্ত্রী সবাইকে অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন এদিন। এ প্রসঙ্গে তাঁর পরামর্শ, কারও কাছে ভিক্ষা চাইবেন না। আত্মমর্যাদা রেখে কাজ করার বার্তা দেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, যার যার ধর্ম নিজের নিজের, উৎসব সবার।












Click it and Unblock the Notifications