এডিজি সিআইডি পদে যাচ্ছেন অনুজ, কলকাতার নয়া পুলিশ কমিশনার পদে সৌমেন মিত্র
এডিজি সিআইডি পদে যাচ্ছেন অনুজ, কলকাতার নয়া পুলিশ কমিশনার পদে সৌমেন মিত্র
বাংলায় বিধানসভার ঢাকে কাঠি। মুখ্যমন্ত্রীর কথা ঠিক হলে আগামী সাত থেকে আটদিনের মধ্যেই বঙ্গে ভোট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। আর এই ভোটের দিন ঘোষণার আগেই কলকাতা পুলিশে বড় রদবদল। পরিবর্তন করা হল কলকাতার পুলিশ কমিশনারকে। কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মার জায়গায় কলকাতার নয়া পুলিশ কমিশনার হচ্ছে সৌমেন মিত্র। সুষ্ঠ ভাবে কলকাতায় ভোট করানোর নজির রয়েছে সৌমেন মিত্রের। কমিশনের সু-নজরে ছিলেন এই পুলিশ অফিসার। ভোটের মুখে সেই তাঁকেই কলকাতার পুলিশ কমিশনারের পদে ফেরালেন পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিন বছর হয়ে গিয়েছিল অনুজ শর্মার
কমিশনের নির্দেশ অনুসারে গত তিনবছর একই পদে রয়েছে এমন পুলিশ আধিকারিকদের বদল করতে হবে সে জায়গা থেকে। সেই মতো গত কয়েকদিন ধরে রাজ্য পুলিশে ব্যাপক রদবদল হচ্ছে। সেই মতো কমিশনার পদেও রদবদল হল। যদিও এখনও পর্যন্ত সরকারি কোনও বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি নবান্নের তরফে। তবে বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী বের হওয়ার সময় অনুজ শর্মার বদলির বিষয়টি জানিয়ছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, তিন বছর ধরে কমিশনার পদে ছিলেন অনুজ। কমিশনের নিয়ম মেনেই এই রদবদল। অন্যদিকে, রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা পদেও বদল করা হয়েছে।

এক নজরে কে কথায় গেলেন
সূত্রের খবর, অনুজ শর্মার জায়গায় কলকাতার নতুন পুলিশ কমিশনার হচ্ছেন সৌমেন মিত্র। রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা পদে আসছেন জাভেদ শামিম। অন্যদিকে, অনুজ শর্মাকে নিয়ে যাওয়া হচ্ছে সিআইডিতে। তিনি বসছেন এডিজি সিআইডি পদে। এছাড়াও, বারাকপুর, হাওড়া এবং বিধাননগর কমিশনারেটেও কমিশনারদের বদলি করা হবে বলে সূত্রে জানা যাচ্ছে। সেই সমস্ত জায়গায় অজয় নন্দ, এস সুধাকর সহ একাধিক শীর্ষ পুলিশ আধিকারিকদের নাম উঠে আসছে। তবে এখনও এই বিষয়ে নবান্নের তরফে কোনও বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত দেওয়া হয়নি। তবে নবান্ন সূত্রে এমনটাই খবর।

রাজীব সরিয়ে সৌমেনকে কমিশনার করে নির্বাচন কমিশন
রাজনৈতিকমহলের মতে, সৌমেন মিত্র সৎ এবং দক্ষ একটা মানুষ। কমিশনার পদে কাজ করার অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, কলকাতা পুলিশের একাধিক পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা পুলিশের প্রত্যেকটি বিভাগকে কার্যত হাতের তালুর মতো চেনেন সৌমেন মিত্র।
বলা প্রয়োজন, গত ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের সময় তৎকালীন কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। তাঁর জায়গায় আনা হয় সৌমেন মিত্রকে। রাজীব কুমারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিল বিরোধীরা। তার প্রেক্ষিতেই সেই সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। যদিও নির্বাচনের পরেই ফের সোমেন মিত্রকে বদলি করা হয়। রাজীব কুমারকেই ফিরিয়ে আনা হয় কমিশনার পদে। কিন্তু ঠিক পাঁচ বছরের মাথায় কলকাতায় অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করাতে সৌমেনেই আস্থা রাজ্য প্রশাসনের।

একাধিক পদে রদবদলের সম্ভাবনা
ইতিমিধ্যে রাজ্য পুলিশের একাধিক পদে রদবদল করা হয়েছে। একাধিক জেলায় থানার ওসি থেকে পুলিশের আধিকারিকদের বদলি করেছে নবান্ন। বদলি করা হয়েছে জেলার পুলিশ সুপারদেরও। বীরভূম, পুরুলিয়ার পুলিশ সুপারকে ইতিমধ্যে বদলি করা হয়েছে। বদলি করা হয়েছে চন্দননগরের পুলিশ সুপারকেও। আগামিদিনে আরও বেশ কয়েকটি জেলায় ব্যাপক পুলিশে রদবদল হতে চলেছে বলে নবান্ন সূত্রের খবর।












Click it and Unblock the Notifications