Kolkata Metro: বড়দিনের রাতে উপহার কলকাতা মেট্রোর, শেষ মেট্রো ছাড়বে অনেক দেরিতে; জেনে নিন সময়ক্ষণ
Kolkata Metro: বড়দিনে বিশেষ উপহার কলকাতা মেট্রোর। বড়দিনের রাতে (Christmas) বাড়তি পরিষেবা (Extended service) দেবে মেট্রোরেল। সোমবার এক বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হল। বাড়ানো হয়েছে শেষ মেট্রোর সময়ও। পার্কস্ট্রিট (Park Street) ও সংলগ্ন এলাকায় বড়দিনে ভিড়ের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা মেট্রোরেলের তরফে।
বড়দিনে পার্কস্ট্রিটে চত্বর কার্যত চেনাই যায় না। ভিড়ে ঠাসা পার্কস্ট্রিটে আলোর বাহার দেখতে ছুটে আসেন অনেকে। অ্যালেন পার্কের উৎসবেও সামিল হন বহু মানুষ। রাত করে বাড়ি ফিরতে গিয়ে অনেকেই সমস্যার মুখে পড়েন। আবার নির্ধারিত সময়ে শেষ মেট্রো ধরার হিড়িকে ভিড়ের চাপ সামলানোও মুশকিল হয়ে পড়ে। তা বিবেচনা করেই ২৫ ডিসেম্বর বাড়তি পরিষেবা দেবে কলকাতা মেট্রো।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বড়দিনের রাতে কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো ছাড়বে রাত এগারোটায়। অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫৩ মিনিটে। বড়দিনে রাজ্যে ছুটির দিন থাকলেও ব্লু লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে সেদিন মোট ২২৪টি ট্রেন চালানো হবে।
২৫ ডিসেম্বর ব্লু লাইনে ১১২টি আপ ও ১১২টি ডাউন মেট্রো চলবে। সকাল ৬টা ৫০ মিনিটে নোয়াপাড়া থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে। সকাল ৬টা ৫৫ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ও মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম ট্রেন ছাড়বে। দুপুর তিনটে থেকে রাত ৮টার মাঝে ৭ মিনিট অন্তর চলবে মেট্রো।
অন্যদিকে ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো রাত ৯টা ৩৩ মিনিটের বদলে ছাড়বে রাত ১০টা বেজে ৫৩ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো রাত সাড়ে ৯টার বদলে ছাড়বে ১০টা ৪৯ মিনিটে। কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটের বদলে রাত ১১টায় ছাড়বে।
অন্যদিকে গ্রিন লাইনে ১ (শিয়ালদহ-সেক্টর ফাইভ) বড়দিনে ৯০টি মেট্রো চালানো হবে। সকাল ৬টা ৫৫ মিনিটে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভের প্রথম মেট্রো ছাড়বে। সকাল ৭টা ৫ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহের উদ্দেশ্যে প্রথম মেট্রো ছাড়বে। রাতৃ ৯টা ৩৫ মিনিটে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভের শেষ মেট্রো ছাড়বে ও সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে।
বাকি দিনগুলির মতোই বড়দিনেও স্বাভাবিক পরিষেবা থাকবে গ্রিন লাইন ২ (হাওড়া ময়দান- এসপ্ল্যানেড), পার্পল লাইন (জোকা-তারাতলা) ও অরেঞ্জ লাইনে (নিউ গড়িয়া-রুবি)। বড়দিনের রাতে বাড়তি পরিষেবা ঘোষণা করায় স্বাভাবিকভাবেই স্বস্তিতে যাত্রীরা। রাত করে বাড়ি ফিরলেও যাতায়াতের দুশ্চিন্তা বয়ে বেড়াতে হবে না।












Click it and Unblock the Notifications