Kasba Case: কসবা কাণ্ডে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, রয়েছে কোন কোন দাবি?
কসবা ল' কলেজের ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। সেখানে আবেদন, আদালতের তত্ত্বাবধানে এবং অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে তদন্ত হোক।
কসবা কাণ্ডে কলকাতা হাইকোর্টে এদিন তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলাকারীরা এই মামলাগুলি দায়ের করার অনুমতি চান। আদালত তাঁদের অনুমতি দেয়। আগামী বৃহস্পতিবার এই মামলাগুলির শুনানির সম্ভাবনা রয়েছে। আইনজীবী সৌম্যশুভ্র রায়, সায়ন দে এবং বিজয় কুমার সিংহল মামলা দায়ের করার অনুমতি চান। মাননীয় বিচারপতি সেই অনুমতি দেন। আইনজীবীরা দাবি করেন, আদালত এবং অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে তদন্ত হোক এবং কলেজে নিরাপত্তা সুনিশ্চিত করা হোক।

এই ঘটনায় ইতিমধ্যেই জড়িত তিনজন গ্রেফতার হয়েছে। কলেজের নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করা হয়েছে। কলেজের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ তদন্ত চালাচ্ছে। নির্যাতিতার বয়ানের সঙ্গে নানা ফুটেজ মিলেও গিয়েছে বলে খবর।
প্রসঙ্গত, গত সপ্তাহের শেষে কসবার কলেজে এই ঘটনা সামনে আসে। কলেজে পড়ুয়া এক ছাত্রীকে ডেকে নিয়ে গিয়ে কলেজেরই অস্থায়ী কর্মী ও তৃণমূল ছাত্র পরিষদ নেতা ধর্ষণ করেছে বলে অভিযোগ ওঠে। সঙ্গী ছিল আরও দুইজন। তারা ওই কলেজেরই পড়ুয়া। পুলিশ অভিযোগ পেয়েই তিনজনকে গ্রেফতার করে। কলেজের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নামে ও ঘটনা পুনর্নির্মাণ করে সত্যাসত্য অনুসন্ধানে জোর দিয়েছে। তবে কলকাতার কলেজে এমন ঘটনায় বারবার আক্রমণের মুখে পড়ছে সরকার। তৃণমূল দলের মধ্যেও কসবা কাণ্ডকে কেন্দ্র করে অসন্তোষ শুরু হয়েছে। এক পক্ষ আর এক পক্ষকে দোষারোপ করছে। এই অবস্থা নতুন তদন্তকারী সংস্থা এতে যুক্ত হয় কিনা সেটাই দেখার।












Click it and Unblock the Notifications