Kasba Case: কসবা ল' কলেজের ঘটনায় নয়া মোড়, গ্রেফতার নিরাপত্তারক্ষী
কসবায় ল' কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় এবার ওই কলেজেরই এক নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃতের নাম পিনাকি বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা সামনে আসার পর শুক্রবারই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবং তার কথাবার্তায় সন্দেহ হওয়ায় পুলিশ তাকে আটক করে। এদিকে এফআইআরে তার সম্পর্কে নির্দিষ্ট অভিযোগ করেছেন নির্যাতিতা তরুণী।
লালবাজার সূত্রে খবর, নির্যাতিতা ছাত্রী তাঁর অভিযোগে একজন নিরাপত্তারক্ষীর নাম উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন যে, অভিযুক্তরা ভয় দেখিয়ে নিরাপত্তারক্ষীকে গার্ড রুম থেকে বের করে দিয়েছিল। সেই নিরাপত্তারক্ষীকেই জিজ্ঞাসাবাদ করার পর শনিবার গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দাদের প্রশ্ন, যদি নিরাপত্তারক্ষীকে জোর করে সরিয়ে দেওয়া হয়েছিল, তবে কেন তিনি তৎক্ষণাৎ কাউকে ফোন করে খবর দেননি? কেন কলেজ কর্তৃপক্ষকে বা পুলিশকে বিষয়টি জানাননি? কেন ঘটনার পরেও তিনি ঘটনাস্থলে ছিলেন? এই পুরো ঘটনার পিছনে কোনও অপরাধমূলক ষড়যন্ত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই নিরাপত্তারক্ষীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। অর্থাৎ এদিনের গ্রেফতারির পরে মোট ৪ জনকে পুলিশ গ্রেফতার করল। এর আগে ঘটনায় মূল অভিযুক্ত সহ মোট তিনজনের শুক্রবার চারদিনের পুলিশ হেফাজত হয়েছে।
কলেজেরই প্রাক্তন ছাত্র তথা তৃণমূল কংগ্রেস যুব নেতা বলে পরিচয় দেওয়া মনোজিৎ মিশ্র এই ঘটনায় মূল অভিযুক্ত বলে জানা গিয়েছে। সেই নির্যাতিতা মহিলাকে বিয়ের প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় সে নিরাপত্তারক্ষীদের রুমে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।












Click it and Unblock the Notifications