উত্তর থেকে দক্ষিণ, দুর্যোগের ঘনঘটা! উত্তরবঙ্গে চরম বিপর্যয়, লক্ষ্মীপুজোতেও বৃষ্টির ভ্রূকুটি
দুর্গাপুজো মিটলেও রাজ্য জুড়ে নিম্নচাপের চোখরাঙানি এখনও কাটেনি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যের দুই অংশেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। তবে দুর্যোগের তীব্রতা এবং পরিস্থিতি অনুযায়ী, উত্তর ও দক্ষিণবঙ্গের ছবি সম্পূর্ণ আলাদা।

উত্তরবঙ্গে লাল সতর্কতা, তিস্তা বিপদসীমার উপরে
পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি প্রকৃতির রোষের শিকার। লাগাতার ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গ কার্যত বিপর্যস্ত। আজ এবং আগামীকালের জন্য দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির মতো জেলাগুলিতে জারি করা হয়েছে লাল সতর্কতা। এছাড়া কোচবিহার, দুই দিনাজপুর ও মালদাতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
বৃষ্টির ফলে বহু জায়গায় ধস নেমেছে । সিকিম, দার্জিলিং এবং মিরিকের সঙ্গে সমতলের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। ১০ নম্বর ও ৫৫ নম্বর জাতীয় সড়কের মতো গুরুত্বপূর্ণ রাস্তা ধসের কারণে বন্ধ হয়ে যাওয়ায় পুজোর ছুটিতে বেড়াতে যাওয়া বহু পর্যটক আটকে পড়েছেন। এদিন সকালেই ভেঙে পড়েছে দুধিয়া সেতুটি। অতিরিক্ত বৃষ্টিপাতের জেরে তিস্তা নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত রাস্তা স্বাভাবিক করার চেষ্টা চললেও বৃষ্টির কারণে সেই কাজে বারবার বাধা সৃষ্টি হচ্ছে।
কলকাতা ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
উত্তরবঙ্গের মতো অতিভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও আগামী মঙ্গলবার (অক্টোবর ৭) পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
আজ রবিবার দিনভর কলকাতায় আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যায় দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, বৃষ্টির কারণে তা পণ্ড হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া, নদিয়া এবং বীরভূমের মতো জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
বৃষ্টির এই ধারা অব্যাহত থাকায় আগামীকাল সোমবার (অক্টোবর ৬) লক্ষ্মীপুজোতেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে। আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার থেকে রাজ্যের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে।












Click it and Unblock the Notifications