নন্দরাম মার্কেটের স্মৃতি বাগরি মার্কেটে! পরিস্থিতি সামাল দিতে কত ঘন্টা, জানালেন দমকল আধিকারিক
রবিবারের থেকে সোমবার ভাল অবস্থায় আছে বাগরি মার্কেটের আগুন। এলাকা পরিদর্শনে গিয়ে এমনটাই মন্তব্য করলেন কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের ডিসি।
রবিবারের থেকে সোমবার ভাল অবস্থায় আছে বাগরি মার্কেটের আগুন। এলাকা পরিদর্শনে গিয়ে এমনটাই মন্তব্য করলেন কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের ডিসি। অন্যদিকে, দমকলের দায়িত্বে থাকা আধিকারিক জানালেন, পরিস্থিতি পুরোপুরি সামাল দিতে আরও ৭২ ঘন্টা লাগতে পারে। তবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার ভোরের দিকে বাগরি মার্কেটের তিন তলা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরেই সেখানে আগুন ছড়িয়ে পড়ে। দমকলকর্মীরা আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। এছাড়াও মার্কেটের দু-তলায়ও আগুন ছড়ায়। সূত্রের খবর অনুযায়ী, প্রায় ৩৫ টি ইঞ্জিন সেখানে কাজ চালাচ্ছে।
সোমবার সকালেই পরিস্থিতি পর্যবেক্ষণে যান পুলিশ কমিশনার, দমকলের আধিকারিকরা। এক দমকল আধিকারিক জানান, বাগরি মার্কেটের প্রত্যেকটা তলাতেই প্রচুর মালপত্র মজুত রয়েছে। ফলে পুরো মাল সরানো কিংবা পুড়ে না যাওয়া পর্যন্ত পরিস্থিতির পরিবর্তন হবে না। প্রায় ৭২ ঘন্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন তিনি। তবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কেননা আগুন পার্শ্ববর্তী কোনও বাড়িতে ছড়িয়ে পড়ার কোনও সম্ভাবনা নেই বলে দাবি করেছেন ওই আধিকারিক।
এদিন সকাল থেকেই দেখা গিয়েছে, দমকলকর্মীরা একদিকে আগুন নিভিয়ে অন্যদিকে যাওয়ার পরেই আগের জায়গা থেকে ফের ধোঁয়া দেখা যাচ্ছে। কারণ হিসেবে বলা হচ্ছে বাগরি মার্কেটের প্রতিটি তলায় থাকা গুদামে প্রচুর মাল মজুত রয়েছে। সেগুলি যতক্ষণ না পুরোপুরি পুড়ে যাচ্ছে, ততক্ষণ পরিস্থিতির কোনও পরিবর্তন হবে না বলেই জানাচ্ছেন, সেখানে থাকা দমকলকর্মীরা।












Click it and Unblock the Notifications