নাটক চলাকালীনই আগুন, বিপর্যয় থেকে বাঁচল অ্যাকাডেমি

দু'টি নাটক ছিল গতকাল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে। প্রথমটি কৌশিক সেনের 'পুনশ্চ' এবং দ্বিতীয়টি সুমন মুখোপাধ্যায়ের 'শূন্য শুধু শূন্য নয়'।
স্থানীয় সূত্রে খবর, 'পুনশ্চ' নাটকের একটি দৃশ্যে অভিনয় করছিলেন তূর্ণা দাস। টানটান উত্তেজনায় যখন দর্শকদের চোখ মঞ্চের দিকে, তখন তূর্ণা দাসই দেখতে পান মঞ্চের ডান দিকের পর্দায় ধিকিধিকি আগুন জ্বলছে। তখন অভিনয় মাথায় উঠে যায়! তিনি চিৎকার শুরু করেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে। দর্শকরা ও নাট্যকর্মীরা হলঘর খালি করে বেরিয়ে আসেন। ফোন করে দমকলে। খবর পেয়ে দমকলের দু'টি ইঞ্জিন এসে অবস্থা আয়ত্তে আনে। দমকলকর্মীরা জানান, খবর পেতে দেরি হলে বড়সড় বিপর্যয় ঘটতে পারত।
কিন্তু এই ঘটনায় সন্দেহের গন্ধ পাচ্ছেন অনেকে। কারণ কৌশিক সেন ও সুমন মুখোপাধ্যায় শাসক দলরে ঘোর বিরাগভাজন। কৌশিকবাবুকে এর আগে এসএমএস ও ফোনে নানাভাবে হুমকি দেওয়া হয়েছে। সুমন মুখোপাধ্যায়কে কোনও কারণ ছাড়াই হেনস্থা করেছে পুলিশ। ফলে আগুন নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য আছে, তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। কৌশিক সেন ও সুমন মুখোপাধ্যায় দু'জনেই বিষয়টিকে 'রহস্যজনক সমাপতন' বলে বর্ণনা করেছেন। কৌশিক সেন এই ঘটনার 'যথাযথ তদন্ত' দাবি করেছেন।












Click it and Unblock the Notifications