নারদ কাণ্ডে অভিনেত্রী শ্রেয়া পাণ্ডেকে ইডির তলব
বেআইনি লেনদেন কাণ্ডে এবার মন্ত্রী সাধন পাণ্ডের মেয়ে অভিনেত্রী শ্রেয়া পাণ্ডেকে জিজ্ঞাসাবাদ করল ইডি।
বেআইনি লেনদেন কাণ্ডে এবার মন্ত্রী সাধন পাণ্ডের মেয়ে অভিনেত্রী শ্রেয়া পাণ্ডেকে জিজ্ঞাসাবাদ করল ইডি। বৃহস্পতিবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হয়। বৃহস্পতিবার হাজির হতে বলা হলেও, তিনি সময় চেয়েছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শ্রেয়ার আর্থিক লেনদেন হয়েছিল। এর আগে বেআইনি অর্থপ্রতিষ্ঠানের প্রতারণা মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি।

জিজ্ঞাসাবাদে শ্রেয়ার নাম
কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে ইডির জিজ্ঞাসাবাদ পর্বে যুক্ত হল আরও একটি নাম। তিনি হলেন শ্রেয়া পাণ্ডে। সূত্রের খবর অনুযায়ী, অভিনেত্রী শ্রেয়া পাণ্ডের সঙ্গে আর্থিক লেনদেন হয়েছিল শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। সেই সংক্রান্ত নথি তদন্তকারীদের কাছে রয়েছে। শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে জেরার সময়ই
শ্রেয়ার নাম উঠে এসেছিল বলে সূত্রের খবর।

ইডিকে সাহায্য করবেন শ্রেয়া
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শ্রেয়া পাণ্ডে জানিয়েছেন, ইডি তাঁর সঙ্গে যোগাযোগ করে নথি চেয়েছিল। তিনি সেই নথি জমা দিয়ে ইডিকে সাহায্য করবেন বলে জানিয়েছেন।

রোজভ্যালি কাণ্ডে শ্রেয়াকে তলব করেছিল ইডি
প্রায় সাড়ে তিন বছর আগে রোজভ্যালি কাণ্ডে শ্রেয়া পাণ্ডেকে তলব করেছিল ইডি। সেই সময় ইডির অভিযোগ ছিল, রোজভ্যালি থেকে পাওয়া নথি অনুযায়ী, দু কোটি টাকা গিয়েছিল শ্রেয়া পাণ্ডে ও তাঁর মা সুপ্তি পাণ্ডের অ্যাকাউন্টে। সেই সময়ে সেই সম্পর্কেই তথ্য চেয়ে পাঠিয়েছিল ইডি। সেই সময় শ্রেয়া পাণ্ডে জানিয়েছিলেন, তাঁর ইন্টেরিয়র ডেকরেশনের ব্যবসা রয়েছে। মন্দারমনির হোটেল আর পার্কস্ট্রিটের অফিস সাজাতে রোজভ্যালির সঙ্গে চুক্তি করেই তিনি কাজ করেছেন। আর পরিশ্রম করেই রোজগার করেছেন।

সাধন পাণ্ডের দাবি
সাধন পাণ্ডে সেই সময় দাবি করেছিলেন, তাঁর মেয়ে স্বাধীনভাবে সুনামের সঙ্গে কাজ করে। তার কাজে কোনও গণ্ডগোল নেই বলেই দাবি করেছিলেন তিনি। আর শ্রেয়া পাণ্ডেও বলেছিলেন, বাবা মন্ত্রী বলেই বিষয়টা নিয়ে হইচই হচ্ছে।
(ছবি সৌজন্য: সাধন পাণ্ডের ফেসবুক পেজ)












Click it and Unblock the Notifications