জামিন না মঞ্জুর, ফের জেলেই মন্ত্রী মদন
কলকাতা, ২৩ এপ্রিল : কলকাতা হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর এবার নিম্ন আদালতেও হোঁচট খেলেন এখনও রাজ্যের ক্রীড়া ও পরিবহণমন্ত্রী থাকা মদন মিত্র। এদিন আলিপুর আদালত সারদা মামলায় তার জামিনের আর্জি খারিজ করে দিয়ে ৭ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।
কলকাতা হাইকোর্টের একাধিক বিচারপতির ডিভিশন বেঞ্চ সারদা মামলায় অভিযুক্ত মদন মিত্রের জামিনের আবেদন শুনতে না চাওয়ায় গতকাল হাইকোর্ট থেকে সেই আবেদন প্রত্যাহার করে নেন মদনবাবুর আইনজীবী।

সারদা চিটফান্ড মামলায় অভিযুক্ত করে মদন মিত্রকে গত বছরের ১২ ডিসেম্বর গ্রেফতার করে সিবিআই। তাদের হেফাজতে কিছু দিন থাকার পরে মন্ত্রীকে জেলে পাঠানো হয়। এরপর হাইকোর্টে মদনবাবুর জামিনের আবেদন জানিয়ে মামলা করেন তাঁর আইনজীবীরা। কিন্তু গত মাস দেড়েকের মধ্যে চারবার মামলার শুনানি পিছিয়ে যায়। একাধিক বিচারপতি ব্যক্তিগত কারণে মদনবাবুর জামিনের আবেদন সংক্রান্ত মামলাটি ছেড়ে দেন।
এরপর এদিন জামিন খারিজ হওয়ায় আপাতত জেলমুক্তির কোনও সম্ভাবনা নেই মন্ত্রী মদনের।












Click it and Unblock the Notifications