মনোনয়ন দিতে না পেরে ফিরল কংগ্রেস, নির্বাচন কমিশনার গাড়ি ঘেরাও করে বিক্ষোভ
মুর্শিদাবাদের কান্দিতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মিছিলে হামলার ঘটনা ঘটল। আর তারপরেই নির্বাচন কমিশনের দফতরে বিক্ষোভ দেখায় কংগ্রেস।
মনোনয়ন ঘিরে সংঘর্ষ অব্যাহত শনিবারও। এবার মুর্শিদাবাদের কান্দিতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মিছিলে হামলার ঘটনা ঘটল। আর তারপরেই নির্বাচন কমিশনের দফতরে বিক্ষোভ দেখায় কংগ্রেস। কংগ্রেস কর্মী-সমর্থকরা এদিন নির্বাচন কমিশনারের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। মনোনয়ন না দিতে পেরে তোপ দাগেন নির্বাচন কমিশনারের বিরুদ্ধে।
পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারির পর মনোনয়ন জমা নিয়ে রাজ্য উত্তাল। প্রতিদিনই জেলায় জেলায় সংঘর্ষের ঘটনা ঘটছে। অস্ত্রের ঝনঝনানি, গোলা-বারুদের গন্ধে এবার পঞ্চায়েত ভোটের মনোনয়ন চলছে। এদিন কান্দিতে কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন জমা দিতে যান মিছিল করে। সেই মিছিলের নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর চৌধুরী।

তৃণমূলের হামলায় কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন জমা না দিয়েই ফিরতে বাধ্য হন। এরপর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নির্দেশে নির্বাচন কমিশনে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতৃত্ব। নির্বাচন কমিশন চৌহদ্দিতে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখানো হয়।
সেইসময় নির্বাচন কমিশনারের গাড়ি ফিরছিল অফিসে। সেই গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী-সমর্থকরা। নির্বাচন কমিশনারের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করে কংগ্রেস। কেন তাঁদের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারছে না, তার কৈফিয়ৎ চাওয়া হয়। নির্বাচন কমিশনারের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় কংগ্রেস।












Click it and Unblock the Notifications