কম্পিউটারে কাজ! সাংবাদিকরা চোখের প্রতি যত্নশীল থাকুন, সিএসজেসি-র উদ্যোগ থেকে বার্তা দীপেন্দু-আলভিটোর
Eye Testing Camp: সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা দিন-রাত এক করে বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ান খবরের খোঁজে। দিনের অনেকটা সময় টানা কাটাতে হয় কম্পিউটারের সামনে।
আর তাতেই বাড়ে চোখ সংক্রান্ত নানা সমস্যা। সেই ঝুঁকি কমানোর লক্ষ্যে প্রশংসনীয় উদ্যোগ নিল কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব।

নাগরিক স্বাস্থ্য সঙ্ঘের উদ্যোগে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে (CSJC) আয়োজিত হলো চক্ষু পরীক্ষা শিবির। শনিবার সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত আশি জন চোখ পরীক্ষা করালেন। তাঁদের মধ্যে ক্লাবের সদস্যরা যেমন ছিলেন, তেমনই ময়দানে কাজ করা নানান সংবাদমাধ্যমের সাংবাদিকরাও এসেছিলেন।
ময়দানের মালি ও অন্যান্য কর্মীদের জন্যও চক্ষু পরীক্ষার ব্যবস্থা ছিল। অনুষ্ঠানে উৎসাহ দিয়ে গেলেন ভারত সেরা প্রাক্তন ফুটবলার আলভিটো ডি'কুনহা এবং দীপেন্দু বিশ্বাস। এ ছাড়াও ছিলেন নাগরিক স্বাস্থ্য সঙ্ঘের সভাপতি কুঞ্জ বিহারী আগরওয়াল, সহ-সভাপতি ইন্দ্রকুমার ডাগা এবং সংস্থার সচিব বিকাশ চান্ডাক। মেডিকেল কলেজের বিশিষ্ঠ চক্ষু বিশেষজ্ঞ মানস পাল চোখ পরীক্ষা করলেন।
চোখ পরীক্ষা করানোর পর আলভিটো ও দীপেন্দু বলেন, সাংবাদিকরা সারাক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করেন। অনেকেই নিয়ম করে চোখ দেখানোর সময় পান না। তাঁদের জন্য এই শিবির অত্যন্ত জরুরি। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবকে ধন্যবাদ এই রকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে নজর দেওয়ার জন্য।
শুধু চোখ পরীক্ষাই নয়, যাঁদের প্রয়োজন তাঁদের চোখ অপারেশনের ব্যবস্থাও করে দেওয়া হচ্ছে সিএসজেসি-র পক্ষ থেকে। পাশাপাশি যাঁদের চোখে পাওয়ার রয়েছে তাঁদের চশমাও দেওয়া হয়েছে। নাগরিক সঙ্ঘের সচিব বিকাশ চান্ডাক বলেছেন, গতবারও আমরা এই শিবির করেছিলাম। সিএসজেসি-র মতো একটা ঐতিহ্যশালী ক্লাব যে ভাবে আমাদের সঙ্গে হাত মিলিয়েছে, ভবিষ্যতে আরও বড়ভাবে এই শিবির করা হবে। সিএসজেসি-র সভাপতি সুভেন রাহার কথায়, শুধু চোখ পরীক্ষাই নয়, ছানি অপারেশন থেকে চোখের আরও নানাবিধ জটিল বিষয়েও আমরা সকলকে সাহায্য করছি এবং করব।












Click it and Unblock the Notifications