কার্তিক পুজোর রাতে প্রাক্তন প্রেমিকের হাতে আক্রান্ত বধূ
প্রতিহিংসাপরায়ন ‘প্রেমিক’ বদলা নিতে বেছে নিলেন কার্তিক পুজোর রাতকেই। শাশুড়ির সঙ্গে কার্তিক পুজোর বাজার করতে বেরিয়ে প্রাক্তন প্রেমিকের হাতে আক্রান্ত হলেন গৃহবধূ।
উত্তর ২৪ পরগনা, ১৭ নভেম্বর : তাকে ছেড়ে নতুন ঘর বেঁধেছে প্রেমিকা। হঠাৎ প্রেমিকার প্রত্যাখ্যান মন থেকে মেনে নিতে পারেন যুবক। তাই প্রতিহিংসাপরায়ন 'প্রেমিক' বদলা নিতে বেছে নিলেন কার্তিক পুজোর রাতকেই। শাশুড়ির সঙ্গে কার্তিক পুজোর বাজার করতে বেরিয়ে প্রাক্তন প্রেমিকের হাতে আক্রান্ত হলেন গৃহবধূ। বুধবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়ায়। ছুরিকাঘাতে আহত প্রমিলাদেবী আশঙ্কাজনক অবস্থায় হাবড়া মহকুমা হাসপাতালে ভর্তি।
অভিযোগ, শাশুড়ির সঙ্গে তিনি যখন বাজার করতে ব্যস্ত, আচমকাই তাঁর উপর হামলা চালায় প্রাক্তন প্রেমিক লিটন বিশ্বাস। কিছু বুঝে ওঠার আগেই পিছন থেকে এসে প্রমিলার গলায় ছুরি চালিয়ে দেয় সে। ছুরি চালিয়ে মুহূর্তের মধ্যেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় ওই যুবক। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন প্রমিলাদেবী। তাঁকে স্থানীয়রা উদ্যোগ নিয়ে হাবড়া মহকুমা হাসপাতালে ভর্তি করে।

বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় বারাসত জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত লিটন বিশ্বাস। তার বিরুদ্ধে হাবড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এই হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে, কী কারণে এই হামলা।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিযুক্ত লিটনের সঙ্গে পূর্বে প্রণয়ঘটিত সম্পর্ক ছিল প্রমিলার। তারপর লিটনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, ওই তরুণী অন্য একজনকে বিয়ে করেন। বিয়ের পর থেকে আর কোনও যোগাযোগ ছিল না লিটনের সঙ্গে। প্রত্যাখ্যাত হয়ে প্রতিশোধ স্পৃহায় লিটন হামলা চালায়।












Click it and Unblock the Notifications