Bidhannagar: কম সময়ে বেশি লাভ! ফাঁদে পা দিয়ে ২৪ লক্ষ খোয়ালেন বিধাননগরের ব্যক্তি; গ্রেফতার ২ প্রতারক
Bidhannagar: লাভের মুখ দেখতে শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগ করে থাকেন অনেকেই। আর এবার শেয়ার মার্কেটের নাম করে কম সময়ে লাভবান হওয়ার লোভ দেখিয়ে প্রতারণার অভিযোগ। প্রতারণার (Fraud) শিকার হলেন বিধাননগরের বাসিন্দা মলয় কুমার রায়। লিখিত অভিযোগের ভিত্তিতে বিধাননগর সাইবার পুলিশের হাতে গ্রেফতার প্রতারণা চক্রের দুই পান্ডা। ধৃতদের নাম পীযূষ আগরওয়াল ও শ্যাম আগরওয়াল।
জানা গিয়েছে, শেয়ার মার্কেটে বিনিয়োগ করানোর ব্যাপারে উৎসাহ দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় ওই ব্যক্তির সঙ্গে আলাপ করেন অপর এক ব্যক্তি। প্রথমে আলাপচারিতা শেষে বন্ধুত্ব পাতান। তারপরে শেয়ার মার্কেটে বিনিয়োগের কথা বলেন। কম সময়ে অনেক টাকা অতিরিক্ত লাভ করতে পারবেন বলে ভুয়ো আশ্বাস দেওয়া হয়। বিশ্বাস করে ফাঁদে পা দিয়ে ফেলেন মলয়বাবু।

তাঁকে হোয়াটসঅ্যাপে একটি গ্রুপেও অ্যাড করে অভিযুক্তরা। সেই গ্রুপেই বিভিন্ন সময়ে বিভিন্ন ফটকা বিজ্ঞাপন দেওয়া হত বলে অভিযোগ। তাতে লেখা থাকত, কম সময়ে কীভাবে লাভবান হওয়া যায়। ফাঁদে পা দিয়ে লোভের বশে এক লাখ, দু লাখ নয়, সোজা নিজের ২৪ লক্ষ টাকা বিনিয়োগ করে বসেন মলয়বাবু। তাঁর অভিযোগ, এরপর আলাদা একটি ওয়েবসাইট তৈরি করা হয়।
কত টাকা ক্রেডিট হয়েছে, কতটা লাভবান হচ্ছেন গ্রাহকরা, তা ওই ওয়েবসাইটে দেখা যাবে বলে আশ্বাস দেয় প্রতারকরা। কিন্তু পরে দেখা যায়, সেখান থেকে কোনওভাবেই অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা সম্ভব হচ্ছে না। এরপরেই তাঁর সঙ্গে প্রতারণা হয়েছে বলে বুঝতে পারেন মলয়বাবু। সোজা ছুটে যান বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশের কাছে।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। বিভিন্ন সূত্র থেকে খবর পেয়ে শনিবার কলকাতা, হুগলির শেওড়াফুলি ও হাওড়া এলাকায় হানা দিয়ে পীযূষ আগরওয়াল এবং শ্যাম আগরওয়াল নামে প্রতারণা চক্রের দুজনকে গ্রেফতার করে পুলিশ।
ধৃতদের জেরা করে বাকিদের খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ। বিধাননগর পুলিশের তরফে বলা হয়, বিনিয়োগের আগে আরবিআই গাইডলাইন দেখা, সেবি দিয়ে রিচেক করা ও বিভিন্ন চেকপয়েন্ট ফলো করা আশু প্রয়োজন। লোভ সংবরণ করতেও পরামর্শ পুলিশের।












Click it and Unblock the Notifications