আত্মহত্যাই করেছেন দিশা, ময়নাতদন্তের পর ইঙ্গিত পুলিশের
কলকাতা, ১০ এপ্রিল : বাংলা টেলি জগতের পরিচিত মুখ দিশা গঙ্গোপাধ্যায় সম্ভবত আত্মহত্যাই করেছেন। এদিন তাঁর দেহের প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর এমনটাই জানা গিয়েছে বেহালার পর্ণশ্রী থানার পুলিশ আধিকারিক সূত্রে।
এদিন সকালে মেয়ের মৃত্যুর খবর পেয়ে বিদেশ থেকে এসে দিশার বাবা ও মা পর্ণশ্রী থানায় যান। সেখানে তদন্তকারী আধিকারিকের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তাঁরা। এছাড়া পুলিশের তরফে দিশার যে বন্ধু গতকাল ফ্ল্যাটে এসে দিশাকে প্রথম মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেন তাঁর সঙ্গে ও বান্ধবী যিনি অসুস্থ হয়ে পড়েছেন তাঁর সঙ্গে যোগাযোগ করে আসল কারণ জানার চেষ্টা করা হয়।

এদিন সকালে দিশার বাবা ও মা থানায় গিয়ে দিশাকে সনাক্ত করার পর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়। সেই রিপোর্ট হাতে আসার পরই আত্মহত্যার কথা জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। সূত্র মারফত জানা গিয়েছে, সম্ভবত ভোরের দিকে দিশা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। দেহের আর কোনও জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
গতকাল মৃত্যুর পর, দিশার মোবাইল, ডায়েরি ও ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া বেশকিছু কাগজপত্র খতিয়ে দেখে পুলিশ। তদন্তের প্রয়োজনে দিশার সহকর্মী অভিনেতা-অভিনেত্রীদেরও জেরা করা হতে পারে বলে জানায় তাঁরা।
পর্ণশ্রীর বনমালী নস্কর লেনের আবাসনেরই একটি ফ্ল্যাটেই থাকতেন অভিনেত্রী দিশা গঙ্গোপাধ্যায়। বুধবার রাতে ইডেনে তাঁর বন্ধুর সঙ্গে নাইট রাইডার্সের খেলা দেখতে গিয়েছিলেন দিশা। খেলা শেষে ওই বন্ধুর বেলেঘাটার বাড়িতে গিয়ে রাতের খাওয়াদাওয়া সারেন। এরপর ওই বন্ধুই দিশাকে তাঁর পর্ণশ্রীর ফ্ল্যাটে পৌঁছে দেন। গভীর রাত পর্যন্ত দু'জনের কথাও হয়েছিল। পুলিশ জানায়, ওই যুবক সকালে ফের দিশাকে ফোন করেন। কিন্তু দিশা ফোন না তোলায় সন্দেহ হয় তাঁর। গতকাল সকালে ফ্ল্যাটে যান তাঁর বন্ধু এক সহঅভিনেতা। বহুবার ডাকার পরেও দিশা সাড়া না দেওয়ায়, দরজা ফাঁক করে দেখার চেষ্টা করেন তিনি। তখনই দেখা যায় সিলিং ফ্যান থেকে ওড়নার ফাঁসে ঝুলছে দিশার দেহ। এরপর তিনি পর্ণশ্রী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে।
‘বউ কথা কও' সিরিয়ালে নায়িকার বান্ধবীর ভূমিকায় অভিনয় করে দিশা প্রথম পরিচিতি পান। এর পরে ‘কনকাঞ্জলি', ‘মৌচাক', ‘অদ্বিতীয়া'-র মতো জনপ্রিয় সিরিয়ালেও কাজ করেছেন তিনি। বর্তমানে দিশা ‘তুমি আসবে বলে' সিরিয়ালে অবসাদগ্রস্ত পুত্রবধূর ভূমিকায় অভিনয় করছিলেন।












Click it and Unblock the Notifications