৩ দিনের সফরে কলকাতায় অমিত শাহ, বাজিয়ে দিলেন বাংলায় পরিবর্তনের দামামা
পশ্চিমবঙ্গ পরিবর্তনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে কলকাতায় পৌঁছেছি। বিমানবন্দরে কর্মী সমর্থকদের ভালোবাসায় অভিভূত। এক্স হ্যান্ডলে বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি আরও লিখেছেন যে, আগামীকাল রাজ্য বিজেপির কোর গ্রুপের বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

অমিত শাহ জানান, বুধবার বিজেপির বাংলার সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এ ছাড়াও কলকাতা মহানগরের উদ্যমী ও শক্তিশালী দলীয় কর্মীদের সঙ্গেও তিনি মতবিনিময় করবেন।
আজ সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিট নাগাদ দমদম বিমানবন্দরে পৌঁছন অমিত শাহ। তাঁকে স্বাগত জানান রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি সোজা পৌঁছে যান সল্টলেকে দলীয় পার্টি অফিসে।
বিজেপি সূত্রে খবর, এদিনই তিনি বিধানসভা নির্বাচনের জন্য দলের প্রস্তুতি, এসআইআর কেমন চলছে সে সব বিষয়ে তথ্য সংগ্রহ করবেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেবেন। কাল সকাল সাড়ে ১১টায় তিনি সাংবাদিক বৈঠকে যোগ দেবেন।
এরপর বেলা ২টোয় সল্টলেকের একটি হোটেলে তিনি সাংগঠনিক বৈঠক সারবেন। বিকেল চারটে দশ মিনিট থেকে ইকো পার্কের একটি হোটেলেও তাঁর বৈঠক রয়েছে। জানা যাচ্ছে, আরএসএসের কার্যকর্তাদের সঙ্গেও কথা বলার সম্ভাবনা রয়েছে অমিত শাহের। যেভাবে তিনি শহরে এসেই রাজ্যে পরিবর্তনের দামামা বাজালেন, তাতে বিধানসভা নির্বাচন তিনি রোডম্যাপ ঠিক করে দেবেন বলেই চর্চা চলছে।












Click it and Unblock the Notifications