শেষ মুহূর্তে বঙ্গ সফর বাতিল অমিত শাহের, কারণ নিয়ে জোর চর্চা
শেষ সময়ে বাতিল হয়ে গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফর। শনিবার বিকেলে বঙ্গ বিজেপির কাছে এই বার্তা এসে পৌঁছেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলায় ঠাসা কর্মসূচি ছিল। সেই সব কর্মসূচি নিয়ে এই মুহূর্তে ধোঁয়াশা রয়েছে।
ঠিক কী কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বঙ্গ সফর বাতিল করলেন? তাই নিয়ে সঠিকভাবে তথ্য পাওয়া যায়নি। তবে পড়শি রাজ্য বিহারে রাজনৈতিক পরিস্থিতি দোলাচলে রয়েছে। বিহারের সরকার নতুনভাবে গড়া হতে পারে। সেই কারণে দিল্লিতে থেকে গেলেন অমিত শাহ? এই বিষয় আরও জোরালো হচ্ছে।

লোকসভা নির্বাচনের আগে বাংলাকে পাখির চোখ করেছেন অমিত শাহ। নভেম্বর ও ডিসেম্বর মাসে বঙ্গ সফরে তিনি এসেছেন। নভেম্বর মাসে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করেন তিনি। ডিসেম্বর মাসে জনসংযোগ ও কর্মী নেতাদের সঙ্গে বৈঠক করতে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। চলতি সপ্তাহেই জানা যায়, ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। ২৮ জানুয়ারি অর্থাৎ আগামী কাল রাতে অমিত শাহের কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল।
সোমবার উত্তর ২৪ পরগনাতে কর্মী সভা করতেন অমিত শাহ। এরপর পূর্ব মেদিনীপুরের মেচেদায় শুভেন্দু অধিকারীর খাসতালুকে জনসভা করার কথা ছিল। বিকেলে কলকাতার সায়েন্সসিটি অডিটোরিয়ামে দলীয় কর্মসূচিতে যোগ দিতেন। এই সব কর্মসূচি ঘিরে রাজ্য বিজেপির অন্দরে যথেষ্ট উচ্ছ্বাস ছিল। শেষ সময়ে এই সফর বাতিল হওয়ার খবর এসেছে। ফলে বঙ্গ বিজেপির এই কর্মসূচিগুলি ঘিরেও এই মুহূর্তে ধোঁয়াশা রয়েছে।
কিন্তু কেন শেষ মুহূর্তে বাতিল হল অমিত শাহের কর্মসূচি? সঠিক কোনও কারণ জানা যায়নি। তবে আন্দাজ করা যাচ্ছে, বিহারের রাজনৈতিক পরিস্থিতির কারণেই তিনি দিল্লিতে থাকছেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জোটের সঙ্গী বদল করছেন। আরজেডির সঙ্গে তিনি আর থাকছেন না। ফের এনডিএ শিবিরে যোগ দিতে পারেন তিনি। বিজেপি জানিয়েছে, নীতিশ কুমারের ঘরে ফেরা নিয়ে তাদের কোনও আপত্তি নেই।
তেমন হলে বিহারের রাজনৈতিক সমীকরণ বদলে যাবে। নীতিশের হাত ধরে ফের বিহারে বিজেপি ক্ষমতায় আসবে। ফলে বিহারের রাজনৈতিক পরিস্থিতি ঘিরে দিল্লিতে বিজেপির নেতৃত্বদের মধ্যে জোড় আলোচনা চলছে। সেই সব সিদ্ধান্তের কারণেই কি অমিত শাহ থাকছেন দিল্লিতে? জানুয়ারি মাসে তড়িঘড়ি বঙ্গ সফর বাতিল করলেন তিনি? এইসব প্রশ্ন চর্চায় রয়েছে।












Click it and Unblock the Notifications