সাঁতরাগাছিতে রয়েছে জরুরি কাজ! রবিবার বাতিল থাকবে কোন কোন ট্রেন, দেখুন একনজরে
সাঁতরাগাছিতে তৈরি হচ্ছে নতুন ফুট ওভার ব্রিজ। যার অনেকটা কাজ হবে রবিবার।
সাঁতরাগাছিতে তৈরি হচ্ছে নতুন ফুট ওভার ব্রিজ। যার অনেকটা কাজ হবে এই রবিবার। ওইদিন সাধারণ দিনের থেকে ভিড় কম থাকে, ট্রেনও চলে কম। তবুও ২৮ জুলাই রবিবার সাঁতরাগাছির ওপর দিয়ে যাওয়া দক্ষিণপূর্ব রেলের ৩০ টি লোকাল ট্রেন বাতিল করার কথা জানানো হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কিছু দুরপাল্লার ট্রেনও।

১০ ঘন্টা পাওয়ার ব্লক
দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর ২ নং ফুট ওভারব্রিজ জোড়ার কাজ করতে গিয়ে রবিবার সকাল ১১.১৫ থেকে রাত ৯.১৫ পর্য়ন্ত পাওয়ার ব্লক থাকবে। ফলে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত সবমিলিয়ে ২২ টি দুরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও বেশ কিছু ট্রেনের সূচি ও যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।

যেসব ট্রেন বাতিল থাকবে
শুক্রবার যেসব ট্রেন বাতিল করা হয়েছে তার মধ্যে রয়েছে উদয়পুর-শালিমার এক্সপ্রেস এবং তিরুচিরাপল্লি-হাওয়া এক্সপ্রেস। শনিবার যেসব ট্রেন বাতিল করা হয়েছে, তার মধ্যে রয়েছে, ইস্টকোস্ট এক্সপ্রেস, করমণ্ডল এক্সপ্রেস। রবিবার বাতিল হওয়া ট্রেনের সংখ্যাই বেশি। যার মধ্যে রয়েছে দিঘা ও হাওড়ার মধ্যে চলাচলকারী এসি এক্সপ্রেস, তাম্রলিপ্ত এক্সপ্রেস, কাণ্ডারি এক্সপ্রেস, হাওড়া ও ভুবনেশ্বরের মধ্যে চলাচলকারী জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া ও টাটানগরের মধ্যে চলাচলকারী স্টিল এক্সপ্রেস, হাওড়া-পুরীর মধ্যে চলাচলকারী শতাব্দী এক্সপ্রেস, হাওড়া-তিরুচিরাপল্লি এক্সপ্রেস, করমণ্ডল এক্সপ্রেস, রাঁচি হাওড়া এক্সপ্রেস, শালিমার-উদয়পুর এক্সপ্রেস এবং হাওড়া-আদ্রা প্যাসেঞ্জার।
রবিবার গীতাঞ্জলি এক্সপ্রেস, সিএসএমটি মেল, জগন্নাথ এক্সপ্রেস, যশবন্তপুর এক্সপ্রেস-সহ ১১ টি ট্রেনের সময়সূচির পরিবর্তন করা হয়েছে।
রবিবার ৩০ টি লোকাল ট্রেন বাতিল করার পাশাপাশি ১১ টি ইএমইউ লোকালকে আন্দুল থেকে চালানো হবে।

সাঁতরাগাছিতে দুর্ঘটনার পরেই সিদ্ধান্ত
২০১৮-র অক্টোবরে সাঁতরাগাছিতে ফুটওভারব্রিজ ভেঙে ২ যাত্রীর মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন আরও বেশ কয়েকজন। এরপরেই সেখানকার ফুটওভারব্রিজ নতুন করে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।












Click it and Unblock the Notifications