প্রথা ভাঙল এতদিনে, পঞ্চায়েত ভোটের কারণেই কি পরের বছর মাধ্যমিকের নির্ঘণ্ট নিয়ে ধন্দে পর্ষদ?
এতদিন রেওয়াজ ছিল মাধ্যমিকের ফলাফল প্রকাশের দিনই মাধ্যমিকের নির্ঘণ্ট প্রকাশ করার। কী কারণে ভাঙল সেই প্রথা? জল্পনা শিক্ষা মহলে।
প্রথা ভেঙে গেল। মাধ্যমিক ফলাফল প্রকাশের দিন ঘোষণা হল না আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট। ফলে জল্পনা শুরু হয়েছে, তবে কি পঞ্চায়েত ভোট এগিয়ে আসতে পারে বলেই মাধ্যমিকের নির্ঘণ্ট ঘোষণা করা হল না?
শিক্ষা মহলে তা নিয়ে জল্পনা তুঙ্গে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায় জানান, মাধ্যমিকের নির্ঘণ্ট নিয়ে সিদ্ধান্তে পৌঁছনো যায়নি বলেই তা ঘোষণা করা হয়নি।

এর আগে প্রতিবছর ফল প্রকাশের দিনই ঘোষণা করা হয়েছে পরবর্তী বছরের মাধ্যমিকের নির্ঘণ্ট। কিন্তু এবার তার অন্যথা হয়ে গেল। পরবর্তী সময়ে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মধশিক্ষা পর্ষদ সভাপতি। এই ঘটনায় তৈরি হয়েছে বিতর্ক। নানা জল্পনা চলছে রাজনৈতিক মহলে, শিক্ষা মহলেও।
তবে কি পঞ্চায়েত ভোট সত্যিই এগিয়ে আসতে চলেছে? যার ফলে সংকট তৈরি হয়েছে মাধ্যমিকের নির্ঘণ্ট নিয়ে। এই ধন্দে পড়েই পর্ষদ সভাপতি মাধ্যমিকের দিন ঘোষণা করতে পারলেন না। এখন প্রশ্ন পঞ্চায়েত ভোট যদি এগিয়েই আসে, তাহলে কি পিছিয়ে যাবে মাধ্যমিক পরীক্ষা? পিছতে পারে উচ্চমাধ্যমিক পরীক্ষাও!












Click it and Unblock the Notifications