পাঁচলার হোম থেকে চাঞ্চল্যকর ‘অভিযান’ ১৬ কিশোরের, সন্ধানে পুলিশ
পাঁচলার মালিপুকুরের হোম থেকে পাঁচিল টপকে পালিয়ে যায় আবাসিক কিশোররা। পাঁচিলের কাছেই একটি সুপারি গাছ ব্যবহার করে তারা পালিয়ে যায়। ওই গাছ বেয়েই তারা নিচে নামে।
ফের হাওড়ার পাঁচলার হোম থেকে পালিয়ে গেল এক ঝাঁক কিশোর। মঙ্গলবার ভোররাতে ১৬জন কিশোর হোম থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। তাদের মধ্যে পাঁচ কিশোরকে ধূলাগড় থেকে উদ্ধার করলেও বাকি ১১ জনের কোনও খোঁজ মেলেনি। এই ঘটনার তদন্তে নেমেছে পাঁচলা থানার পুলিশ। হাওড়া মহকুমাশাসকের নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে।

ঘটনার সূত্রপাত এদিন ভোররাতে। পাঁচলার মালিপুকুরের হোম থেকে পাঁচিল টপকে পালিয়ে যায় আবাসিক কিশোররা। পাঁচিলের কাছেই একটি সুপারি গাছ ব্যবহার করে তারা পালিয়ে যায়। ওই গাছ বেয়েই তারা নিচে নামে। তারপর চম্পট দেয়। মঙ্গলবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসার পরই হোমের উত্তেজনা ছড়িয়ে পড়ে।
কর্তৃপক্ষ দেখে, তাঁদের হোম থেকে ১৬ কিশোর নিখোঁজ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সংশ্লিষ্ট পাঁচলা থানায়। পাঁচলা থানার পুলিশ চটজলদি তল্লাশি শুরু করে। পাঁচজনকে উদ্ধার করা হয় ধূলাগড় থেকে। তারা হতভম্ব হয়ে ঘোরাফেরা করছিল ধূলাগড় মোড়ে। স্থানীয়দেরও সন্দেহ হয়। পুলিশকে খবর দেওয়ার পরেই তাদের উদ্ধার করে হোমে পাঠানো হয়।
বাকি ১১ জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। উদ্ধার হওয়া পাঁচ শিশুকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালানো হচ্ছে বাকিরা কোথায় পালিয়েছে। এই হোম থেকে সাম্প্রতিক অতীতেও একাধিকবার আবাসিক-নিখোঁজের ঘটনা ঘটেছে। হোমের পরিবেশ নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। এখানে আবাসিকদের উপর নির্যাতন চালানো হত বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications