৪০ লাখ টাকারও বেশি দামে নিলাম হিটলারের স্বাক্ষরিত বই

কী সেই বই? 'মাইন কাম্ফ' বা অ্যাডলফ হিটলারের আত্মজীবনী। ওই জার্মান শব্দ দু'টির বাংলা অর্থ হল, আমার সংগ্রাম। বইটিতে নাৎসি নায়ক তুলে ধরেছেন নিজের ছোটোবেলা থেকে শুরু করে বর্ণময় জীবনের নানা ঘটনা। ১৯১৮ সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর কীভাবে জার্মানির ওপর ভার্সাই চুক্তির অন্যায় শর্ত চাপিয়ে দেওয়া হয়েছিল, তার বিশদ বর্ণনা আছে বইটিতে। কেন জার্মানিকে যুদ্ধ করতে হবে, তা বইটিতে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন তিনি।
দুই খণ্ডের নিলাম হওয়া এই বইটি ছাপা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। জার্মানিতে। নাৎসি দলের মিলিশিয়া 'শুটজ স্টাফেল' (এসএস)-এর এক পদস্থ কর্তা জোসফ বাউয়ারকে ওই বই নিজের হাতে উপহার দিয়েছিলেন হিটলার। স্বাক্ষর সহ। সেই বই যত্ন করে জোসফে বাউয়ার রেখে দেন বার্লিনের একটি বাড়িতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ওই বই হারিয়ে গিয়েছিল। অবশেষে নানা হাত ঘুরে তা এসে পৌঁছয় নিলাম সংস্থা নেট ডি স্যান্ডার্সের হাতে। তারা এটি বিক্রি করল ৪০১৬,১৬০ টাকা বা ৬৪,৮৫০ ডলারে। ১১ জন নিলামের ডাকে অংশ নিয়েছিলেন।
প্রসঙ্গত, নাৎসি প্রতীকচিহ্ন বা গানের মতো অ্যাডলফ হিটলারের আত্মজীবনী জার্মানি বা পশ্চিম দুনিয়ায় নিষিদ্ধ নয়।












Click it and Unblock the Notifications