ব্রিটেন আদালতে প্রত্যর্পণের বিরুদ্ধে বিজয় মালিয়ার আবেদন খারিজ
৯ হাজার কোটি টাকার ঋণ খেলাপী মামলায় অভিযুক্ত বিজয় মালিয়ার, তাঁর ভারতে প্রত্যর্পণের বিরুদ্ধে লিখিত আবেদন খারিজ করেছে ব্রিটেনের আদালত।
৯ হাজার কোটি টাকার ঋণ খেলাপী মামলায় অভিযুক্ত বিজয় মালিয়ার, তাঁর ভারতে প্রত্যর্পণের বিরুদ্ধে লিখিত আবেদন খারিজ করেছে ব্রিটেনের আদালত। লন্ডন হাইকোর্টের অ্যাপিল কোর্টের বিচারক, মালিয়ার মৌখিক আবেদন শুনতে রাজি হলেও, তাঁর ভারতে ফেরা প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। যা লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর সরকারকে বাড়তি অক্সিজেন জোগাবে বলেই রাজনৈতিক মহলের দাবি।

অন্যদিকে, নিজেকে বাঁচাতে ভারতের জেলগুলি সুযোগ-সুবিধা, পরিকাঠামোহীন ও থাকার অযোগ্য বলে দাবি করেছেন বিজয় মালিয়া। তাই মানবিকতার স্বার্থেই এদেশে তাঁর প্রত্যর্পণ রদ করতে, শেষবারের মতো ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব সাজিদ জাভিদের কাছে আবেদনও করেছেন ৯ হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত ব্যবসায়ী। যদিও এ যাত্রায় মালিয়ার নিস্তার পাওয়া মুশকিল বলেই মনে করছেন আইন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, ঋণ খেলাপীর তদন্তে সিবিআই ও ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে, গত ৯ ডিসেম্বর বিজয় মালিয়াকে ভারতে পাঠানোর নির্দেশ দেন দ্য ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টের চিফ ম্যাজিস্ট্রেট এম্মা আরবুথনো। আদালতের নির্দেশের ভিত্তিতে, গত ৪ ফেব্রুয়ারি, ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব সাজিদ জাভিদ জানিয়ে দেন, বিজয় মালিয়ার ভারতে প্রত্যর্পণের ফাইলে সাক্ষর করেছে সেদেশের সরকারও। এর বিরুদ্ধে মালিয়া লন্ডন হাইকোর্টের অ্যাপিল কোর্টে ফের লিখিত আবেদন করলে, তাও খারিজ হয়ে যায়।












Click it and Unblock the Notifications