ট্রাম্পের চাপানো শুল্ক বেআইনি, রায় দিল মার্কিন আদালতই, ক্ষেপে লাল প্রেসিডেন্ট
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বাড়ানোর সিদ্ধান্তকে সেদেশেরই আদালত 'ভুল' আখ্যা দিয়েছে। আর তাতেই ক্ষেপে লাল ট্রাম্প। তিনি রেগে গিয়ে বলেছেন, শুল্ক বহাল থাকবে এবং এটা বন্ধ করলে আমেরিকা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়বে। ট্রাম্প সুপ্রিম কোর্টে এই নিয়ে লড়াই করবেন বলেও জানিয়েছেন।
শুক্রবার মার্কিন আদালতের একটি রায় ট্রাম্পের অধিকাংশ শুল্ককে অবৈধ ঘোষণা করার পর তিনি ক্ষোভ প্রকাশ করেন। এই সিদ্ধান্তকে 'ভুল' উল্লেখ করে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, "সমস্ত শুল্ক এখনও কার্যকর আছে! আজ একটি অত্যন্ত পক্ষপাতদুষ্ট আপিল আদালত ভুলভাবে বলেছে যে আমাদের শুল্ক প্রত্যাহার করা উচিত, কিন্তু তারা জানে যে মার্কিন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত জয়ী হবে।"

ট্রাম্পের অন্যতম প্রধান অর্থনৈতিক নীতি এই রায়ে আঘাত হানায় তিনি শুল্কের পক্ষে দীর্ঘ যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, মার্কিন শ্রমিক ও শিল্পের জন্য শুল্ক অপরিহার্য। ট্রাম্পের মতে, "যদি এই শুল্ক প্রত্যাহার করা হয়, তবে এটি দেশের জন্য একটি সম্পূর্ণ বিপর্যয় হবে। এটি আমাদের আর্থিকভাবে দুর্বল করে দেবে।"
তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করে বলেন, মামলাটি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হবে।
ওয়াশিংটনের ইউএস কোর্ট অফ আপিলস ফর দ্য ফেডারেল সার্কিট শুক্রবার রায় দেয় যে ট্রাম্প তাঁর ক্ষমতা লঙ্ঘন করে বেশিরভাগ শুল্ক আরোপ করেছেন। আদালত জানায়, জাতীয় জরুরি অবস্থার সময় প্রেসিডেন্টের ব্যাপক ক্ষমতা থাকলেও, এর মধ্যে শুল্ক বা অনুরূপ কর আরোপের ক্ষমতা স্পষ্টভাবে অন্তর্ভুক্ত নয়। এই রায়টি ট্রাম্পের এপ্রিলের 'পারস্পরিক' শুল্ক এবং ফেব্রুয়ারিতে চিন, কানাডা ও মেক্সিকোর ওপর আরোপ করা কিছু শুল্ককে লক্ষ্য করে দেওয়া হয়েছে। আর তাতেই চটে লাল ট্রাম্প।












Click it and Unblock the Notifications