Bangladesh: 'বাঙালি' বলে আর কিছু থাকছে না পদ্মাপারে! বদলে যাচ্ছে বাংলাদেশের সাংবিধানিক নামও
Bangladesh: বদলে যাচ্ছে বাংলাদেশের সাংবিধানিক নাম! 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' পরিবর্তন করে 'জনগণতন্ত্রী বাংলাদেশ' করার সুপারিশ সংবিধান সংস্কার কমিশন। আর প্রজাতন্ত্রের পরিবর্তে 'নাগরিকতন্ত্র' করার প্রস্তাবও কমিশন করেছে বলে সে দেশের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
প্রথম আলোর প্রকাশিত খবর অনুযায়ী, অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশনের একটি বৈঠক হয়! দীর্ঘ বৈঠকে নাম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর। আর এরপরেই বাংলাদেশের (Bangladesh) অন্তবর্তী সরকারের (Interim Government Bangladesh) প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের (Muhammad Yunus) কাছে সংস্কারের সুপারিশ সংক্রান্ত একটি রিপোর্ট জমা দেওয়া হয়।

একই সঙ্গে আরও তিনটি সংস্কার কমিশনের প্রতিবেদন অর্থাৎ রিপোর্ট জমা দেওয়া হয়েছে। বাকি তিনটি কমিশন হল নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন।
প্রকাশিত খবর অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের সংবিধানের নামের সঙ্গে যুক্ত আছে, 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান'। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে সংবিধানের প্রস্তাব হিসেবে বলা হয়েছে, 'জনগণের সম্মতি নিয়ে আমরা এই সংবিধান জনগণতন্ত্রী বাংলাদেশের সংবিধান হিসেবে গ্রহণ করছি।'
দেশের বিদ্যমান সংবিধানে আছে বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যা 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' নামে পরিচিত হবে। প্রকাশিত খবর অনুযায়ী, এই প্রসঙ্গে কমিশন আরও সুপারিশ করেছে যে সংবিধানের প্রযোজ্য সব ক্ষেত্রে 'প্রজাতন্ত্র' এবং 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' শব্দের পরিবর্তে 'নাগরিকতন্ত্র' এবং 'জনগণতন্ত্রী বাংলাদেশ' শব্দ ব্যবহৃত হবে। তবে ইংরেজি সংস্করণে 'রিপাবলিক' ও 'পিপলস রিপাবলিক অব বাংলাদেশ' শব্দগুলো থাকছে।
এ ছাড়া নাগরিকত্ব হিসেবে 'বাঙালি' বাদ দিয়ে 'বাংলাদেশি' করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। কমিশন 'বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি...' এই বিধান বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে ওই সুপারিশে। তারা বর্তমান অনুচ্ছেদ ৬(২) 'বাংলাদেশের নাগরিকগণ "বাংলাদেশি" বলে পরিচিত হবেন' হিসেবে প্রতিস্থাপন করার সুপারিশ করা হয়েছে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
এখন দেখার ইউনূস সরকার এই প্রস্তাব মানে কিনা! তবে এভাবে বাংলাদেশের সাংবিধানিক নাম এবং 'বাঙালি' শব্দ মুছে ফেলার সুপারিশকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর বিতর্ক। অনেকেই এই সুপারিশের তীব্র নিন্দা জানিয়েছেন ওপার বাংলায়।












Click it and Unblock the Notifications