বিশ্বজুড়ে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা! কয়েক মাসেই যেভাবে পাল্টে গেল পৃথিবী
২০১৯-এর ডিসেম্বরের পরের পৃথিবী আগের মতো আর থাকছে না। করোনা ভাইরাস নামক মারণ ব্যধীকে রুখতে জারি হয়েছে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা, সীমান্ত বন্ধ এবং জরুরি অবস্থার মতো ঘটনা ঘটছে বিশ্বজুড়ে। কয়েক মাসেই পুরোপুরি পাল্টে গেছে পৃথিবী। এয়ারপোর্টের হুরোহুরি নেই। ভিসার জন্য এম্বেসির বাইরে লাইন নেই।

ভারত
করোনা সংকটের জেরে ভারত সব পর্যটক ভিসা কমপক্ষে এক মাসের জন্য বাতিল করেছিল। একমাত্র যে সব বিদেশি আগে থেকেই দেশে ছিলেন, তাদের থাকার অনুমতি দিয়েছিল ভারত সরকার। আপাতত ৩ মে পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। বন্ধ রয়েছে রেল পরিষেবাও। কোথাও কোথাও লকডাউন শিথিল করা হলেও এক শহর থেকে অন্য শহরে যাওয়ার অনুমতি মিলবে না এখনই। এছাড়া সীমান্ত লাগোয়া দেশগুলি থেকে কোনও ভাবেই কাউকে দেশে আসতে দেওযা হচ্ছে না।

ইউরোপ
এদিকে ১৭ মার্চ থেকে এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত। বিদেশ ভ্রমণে সতর্কতার মেয়াদ কমপক্ষে এপ্রিল মাসের শেষ পর্যন্ত কার্যকর থাকবে। এই কথা জানানো হয়েছে জার্মানি সহ একাধিক ইয়োরপীয় সরকারের তরফেও। অনেক ভ্রমণ সংস্থাও এপ্রিল মাসের শেষ পর্যন্ত কার্যকলাপ বন্ধ রেখেছে৷ জার্মান সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী বেশিরভাগ দেশের সঙ্গে সীমান্ত ৪ মে পর্যন্ত বন্ধ রাখা হবে।

ধসে গিয়েছে এশিয়ার পর্যটন
চিনের পর্যটকদের প্রবেশের উপর বিধি-নিষেধের কারণে এশিয়ার অনেক পর্যটনকেন্দ্র সংকটে পড়েছে। যেমন টোকিওর সেনসো-জি মন্দির ও কম্বোডিয়ার আংকর ওয়াট মন্দিরে দর্শকদের সংখ্যা নাটকীয় মাত্রায় কমে গেছে৷ মার্চ মাসেই থাইল্যান্ডে পর্যটকদের সংখ্যা ৪৪ শতাংশ কমে গিয়েছিল।

অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার সরকার অনির্দিষ্টকালের জন্য নাগরিকদের বিদেশ সফরের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে৷ প্রধানমন্ত্রী স্কট মরিসন বিদেশে অবস্থানরত সব অস্ট্রেলীয় নাগরিকদের দেশে ফেরার ডাক দিয়েছেন৷ অস্ট্রেলিয়ায় প্রবেশ করলে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নিয়ম বেশ কিছু দিন ধরেই চালু রয়েছে।

আমেরিকা
মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে৷ ইটালি ও স্পেন করোনা সংকট সামলাতে হিমশিম খাচ্ছে। ফ্রান্স লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে৷ ১৩ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যে অ্যামেরিকায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা ততদিন চালু থাকবে, যতদিন না ইউরোপের দেশগুলিতে উন্নতির লক্ষণ দেখা না যায়।
গোটা বিশ্বের ভ্রমণ নিষেধাজ্ঞা ও এয়ারলাইন্সের তথ্য জানুন












Click it and Unblock the Notifications