শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স, জারি সুনামি সতর্কতা
শুক্রবার ফিলিপিন্স ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল। এই কম্পনের ফলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের সরিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ফিলিপিন্স ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (পিভলকস) জানিয়েছে, মিন্দানাওয়ের দাভাও ওরিয়েন্টালের মানায় শহরের উপকূলে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হেনেছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এবং আফটারশকের বিষয়েও সতর্ক করেছে এই সংস্থা।

পিভলকস মধ্য ও দক্ষিণ ফিলিপিন্সের উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উঁচু বা অপেক্ষাকৃত ভিতরের দিকের স্থানে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে। তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এদিকে, হাওয়াইয়ের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের ১৮৬ মাইলের মধ্যে বিপজ্জনক ঢেউ উঠতে পারে। ফিলিপিন্সের উপকূলের কিছু অংশে ৩ মিটার পর্যন্ত উঁচু ঢেউয়ের সম্ভাবনা রয়েছে, এবং ইন্দোনেশিয়া ও পালাউতে ছোট ঢেউ দেখা যেতে পারে।
দক্ষিণ ফিলিপিন্সের দাভাও ওরিয়েন্টাল প্রদেশের গভর্নর এডউইন জুবাহিব স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ভূমিকম্প আঘাত হানার সময় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল। রয়টার্স সংবাদ সংস্থা এডউইনকে উদ্ধৃত করে বলেছে, "কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এটি খুব শক্তিশালী ছিল।"
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে, ভূমিকম্প আঘাত হানার সময় মানুষের মধ্যে তীব্র ভয় ও আতঙ্ক বিরাজ করছে। একটি ভিডিওতে ৭.৬ মাত্রার ভূমিকম্পের তীব্র কম্পনের সময় ফিলিপিন্সের তাগুম সিটি দাভাও রিজিওনাল মেডিক্যাল সেন্টারের রোগী ও কর্মীদের সরিয়ে নিতে দেখা গিয়েছে। অন্য একটি ভিডিওতে মাছ চাষের একটি হ্যাচারিতে কাঁচের পাত্র এবং বালতিতে জল প্রবলভাবে কাঁপতে দেখা গিয়েছে।












Click it and Unblock the Notifications