Israel-Palestine Conflict: ইজরায়েলের আক্রমণের মুখে আল-শিফা হাসপাতাল! গাজা শহরকে ঘিরে ফেলার দাবি নেতানিয়াহুর
Israel-Palestine Conflict: মধ্যপ্রাচ্যে ইজরায়েল-হামাসের যুদ্ধের ৩৭ তম দিন ১২ নভেম্বর। ইজরায়েলের আক্রমণের মুখে গাজার আল-শিফা হাসপাতাল। আল-শিফা হাসপাতালেই রয়েছে হামাসের সদর দফতর, এই ভিডিও দেখানোর কয়েকদিন পরে ইজরায়েলের সেনাবাহিনী এখন এই স্বাস্থ্যকেন্দ্র ঘিরে রেখেছে। গাজা শহরকে পুরোপুরি ঘিরে ফেলার দাবি করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।
গাজার সব থেকে বড় হাসপাতাল এখন আইডিএফ সেনার আক্রমণের মুখে রয়েছে। আইডিএফ ধারাবাহিকভাবে দাবি করে আসছে হামাস গাজার হাসপাতাল এবং অন্য অসামরিক কাঠামোকে সামরিক কার্যক্রমের ঢাল হিসেবে ব্যবহার করছে। সেরকমই আল-শিফা হাসপাতালকে তাদের সদর দফতর বানিয়েছে।

অন্যদিকে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে, অক্সিজেনের অভাবে নিও-ন্যাটাল ওয়ার্ডে অন্তত তিনটি শিশুর মৃত্যু হয়েছে। খবরে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র চিকিৎসক আশরাফ আল কিদরাও আল-শিফা কমপ্লেক্সের মধ্যে আটকা পড়েছেন। চিকিৎসক কিদরা জানিয়েছেন, ইনটেনসিভ কেয়ার ইউনিট, শিশু বিভাগ এবং অক্সিজেন ডিভাইসগুলি কাজ করা বন্ধ করে দিয়েছে।
হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্যমন্ত্রকের ডিরেক্টর চিকিৎসক মুনির আল-বুর্শ দাবি করেছেন, হাসপাতালে চিকিৎসাধীন ৩৬ টি শিশুকে হাত দিয়ে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস নিতে বাধ্য করা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, হাসপাতালটির চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে এবং আইডিএফ আক্রমণ চালিয়ে যাচ্ছে। তিনি জানিয়েছেন, হাসপাতালে ৪০০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কমপ্লেক্সে প্রায় ২০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।
আইডিএফ অবশ্য হামাসের দাবিকে অস্বীকার করেছে। তারা বলেছে, আল-শিফা হাসপাতালে কোনও অবরোধ নেই। হাসপাতালের পূর্ব দিকে আল-ওয়েহদা স্ট্রিট খোলা রয়েছে। যেসব গাজাবাসী হাসপাতাল ছেড়ে যেতে তৈরি, তাদের জন্য এই রাস্তা খোলা রাখা হয়েছে। আইডিএফের দাবি, তারা হাসপাতালের কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।
এদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন ইজরায়েলি বাহিনী গাজা শহরকে পুরোপুরি ঘিরে ফেলেছে। তারপর তারা আল শিফা শহরের দিতে দ্রুত অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, আল-শিফা হাসপাতালের তরফে অনুরোধ করা হয়েছে, যেতা পেডিয়াট্রিক বিভাগের শিশুদের নিরাপদে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ায় সাহায্য করা হয়। তারা সেই সহায়তা প্রদান করবেন বলে জানিয়েছেন আইডিএফ মুখপাত্র।
ইজরায়েলের সেনাবাহিনীর তরফে বলা হয়েছে, তাদের যুদ্ধবিমানগুলি লেবাননে হিজবুল্লার পরিকাঠামো এবং সামরিক ঘাঁটিগুলিতে আঘাত হেনেছে। অন্যদিকে হিজবুল্লাও লেবানন থেকে উত্তর ইজরায়েলের দিকে বেশ কয়েকটি রকেট ছোড়ে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications