ঢাকায় ব্লগার হত্যা : চারজনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের
ঢাকা, ৩১ মার্চ : বাংলাদেশের ঢাকায় মৌলবাদ বিরোধী লেখক ও ব্লগার ওয়াশিকুর রহমানকে হত্যার ঘটনায় চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করল তাঁর পরিবার। গতকাল রাতে, জিকরুল্লাহ, আরিফুল, আবু তাহের ও মাসুম চার জনের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করা হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার এক আধিকারিক জানান, নিহত ওয়াশিকুর রহমানের জামাইবাবু মনির হোসেন মাসুদ এই চারজনের বিপক্ষে খুনের মামলা করেছেন।

ওয়াশিকুর রহমান (২৭) বিজ্ঞানমনস্কতার পক্ষে সওয়াল করে একটি ব্লগ চালাতেন। বিভিন্ন ওয়েবসাইটে লেখালিখিও করতেন 'কুৎসিত হাঁসের ছানা' ছদ্মনামে। সোমবার সকাল ৯ টা ১৫ মিনিট নাগাদ ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলের বেগুনবাড়ি এলাকায় খুন করা হয় তাঁকে। বাড়ি থেকে বেরনোর পরেই ওয়াশিকুরের উপরে হামলা চালায় তিন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। ধারালো অস্ত্র দিয়ে বারবার আঘাত করায় গুরুতর জখম হন ওয়াশিকুর। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
গতকাল ওয়াশিকুরের উপর আক্রমণের সময় এক মহিলা চিৎকার করে লোক জড়ো করেন। তখন পালানোর চেষ্টা করে হত্যাকারীরা। মহিলার চিৎকারে লোকজন জড়ো হয়ে তিন দুষ্কৃতীর দু'জনকে ধরে ফেলে। তবে এক দুষ্কৃতী পালিয়ে যায়।
গ্রেপ্তার হওয়া জিকরুল্লাহ, আরিফুল সেই দুই দুষ্কৃতী। এদের জেরা করে বাকি দুই দুষ্কৃতী আবু তাহের ও মাসুমের নাম জানতে পারে পুলিশ। সেই অনুযায়ী চারজনের নামে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধর্মীয় মতাদর্শ নিয়ে লেখালেখির কারণে বিরোধ থেকে ওয়াশিকুরকে হত্যার কথা গ্রেপ্তার হওয়া দুই দুষ্কৃতী স্বীকার করেছে।
ওয়াশিকুরের খুনের পর বেশ কয়েকটি জঙ্গি সংগঠনের নাম উঠে এলেও জিকরুল ও আরিফুল কোনও সংগঠনের সঙ্গে আদৌও জড়িত কিনা, তা এখনও নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। এ নিয়ে তদন্ত চলছে।












Click it and Unblock the Notifications