বিধ্বস্ত তুরস্ক-সিরিয়া, ভূমিকম্পে মৃতের সংখ্যা ৮০০০ পার করল, প্রবল ঠান্ডায় ব্যাহত উদ্ধারকাজ
গতকালই বিশেষ বিমানে ত্রাণ পাঠিয়েছে ভারত
তুরস্ক এবং সিরিয়ায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ধ্বংসস্তূপ যত সরছে তত বেরিয়ে আসছে দেহ। ২ দিনের মধ্যেই মৃতের সংখ্যা ৮০০০ পার করে দিয়েছে। আহতের সংখ্যা ৩২০০-র বেশি। ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন সেদেশের বাসিন্দারা। তারসঙ্গে চলছে প্রবল তুষারপাত আর বৃষ্টি। যার জেরে উদ্ধারকাজ ব্যহত হচ্ছে।

ভয়াবহ পরিস্থিতি তুরস্কে
ড্রোন থেকে তোলা একাধিক ভিডিও দেখলে মনে হবে ভূমিকম্প যেন গিলে খেয়েছে মাইলের পর মাইল জমি। ধুলোর মত গুঁড়িয়ে গিয়েছে সুসজ্জিত বহুতল। কয়েক মুহূর্ত আগে পর্যন্ত যাঁরা নিজেদের নরম বিছানায় িনদ্রা গিয়েছিলেন। তাঁরা জানতেও পারলেন না কখন তাঁরা চিরনিদ্রায় চলে গেলেন। ধ্বংসস্তপের পরতে পরতে লাশের সারি। একটি করে চাঙড় সরাতেই বেরিয়ে আসছে দেহ। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ২দিনের মধ্যেই মৃত্যুর সংখ্যা ৮০০০ পার করে গিয়েছে।

চতুর্থ দফায় সাহায্য পাঠাল ভারত
তুরস্কের অবস্থা যে একেবারেই ভাল নেই তার ইঙ্গিত দিয়েছেন সেদেশে বসবাসকারী ভারতীয় দূত। গতকালই ত্রাণ নিয়ে পৌঁছেছে ভারতের বিশেষ বিমান। তাতে খাবার ওষুধ মেডিকেল সরঞ্জাম ছাড়াও পাঠানো হয়েছে ৩৯ জনের চিকিৎসক এবং নার্সের দল। গিয়েছে এনডিআরএফের টিম। আবারও সাহায্য পাঠিয়েছে ভারত। এই নিয়ে চতুর্থ দফায় তুরস্কে সাহায্য পাঠালো ভারত। গতকাল পাকিস্তান আকাশপথ ব্যবহার করতে না দেওয়ায় দেরিতে পৌঁছেছে ভারতের ত্রাণের বিমান।

প্রায় ২ লক্ষ মানুষের মৃত্যুর আশঙ্কা
ভূমিকম্প বিশেষজ্ঞরা জানিয়েছেন সিরিয়া এবং তুরস্ক মিলিয়ে প্রায় ২ লক্ষ মানুষের মৃত্যু হতে পারে। কারণ এখনও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন অসংখ্য মানুষ। তাঁদের সংখ্যা এখনও স্পষ্ট নয়। যাঁরা ৩ দিন ধরে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন তাঁদের সকলের মৃত্যু হয়েছে তাতে কোনও সন্দেহ নেই। কাজেই যত উদ্ধারকাজ এগোবে তত মৃতদেহের সংখ্যা বাড়বে। ভোর রাতে ভূমিকম্প হওয়ার কারণে সকলে বাড়িতেই ছিলেন। সেকারণে বেশি সংখ্যক মৃত্যু হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

সিরিয়াতেও সাহায্য পাঠাল ভারত
শুধু তুরস্ক নয় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে সিরিয়াও। সিরিয়াতেও বাড়ছে মৃত্যু মিছিল। এবার সিরিয়াকেও সাহায্য পাঠাল ভারত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন ৬ টনের ত্রাণ সামগ্রি নিয়ে সিরিয়া উড়ে গিয়েছে বায়ুসেনার বিশেষ বিমান। সেখানে ৬০০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। তুরস্কের মতই সিরিয়ার একাধিক বহুতল গুঁড়িয়ে পড়েছে। সেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে থরে থরে দেহ।












Click it and Unblock the Notifications