করোনাই শেষ নয়, আরও বড়সড় অতিমারীর কবলে পড়তে পারে সমগ্র মানবজাতি! আশঙ্কা হু প্রধানের
করোনা শেষ নয়, আগামীতে দেখা দিতে পারে আরও বড়সড় অতিমারী
করোনার আতিশয্যে যেভাবে গত প্রায় বছরখানেক ধরে সঙ্কটে সারাবিশ্ব, সেই অবস্থা থেকে আস্তে আস্তে করোনা-পূর্ব অবস্থার দিকে এগোচ্ছে একাধিক দেশ। নানা নতুন নির্দেশিকার মাঝেই এবার এক নতুন ইঙ্গিত করতে দেখা গেল বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম ঘেব্রেসিসকে। টেডরসের মতে, প্রাণীস্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তনের মত গুরুগম্ভীর বিষয়গুলির উপর নজর না দিলে আগামী দিনে করোনার মত আবারও অতিমারী ফিরতে পারে!

বিশ্ববাসীর উদ্দেশ্যে বার্তা
রবিবার বিশ্বের প্রথম মহামারী সচেতনতা দিবস উপলক্ষ্যে একটি ভিডিও বার্তা দেন টেডরস। তাঁর আশঙ্কা, প্রত্যেক দেশ করোনা অতিমারী দমনে অর্থ বিনিয়োগ করে চলেছে, কিন্তু আগামীতে এমন কোনো মহামারী পুনরায় ফিরলে তাকে দমন করার কোনো কৌশলই নেই কারও কাছেই। তাঁর মতে, "করোনা থেকে শিক্ষা নিয়ে আর কোনও মহামারীর ফেরত আসার আগেই আমাদের তৈরি থাকতে হবে। নিতে হবে উপযুক্ত কৌশল।"

হু প্রধানের গলায় বাস্তুতন্ত্রের সমস্যার কথা
গত বছরের ডিসেম্বরে থেকে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত বিশ্বের প্রায় ৮ কোটি মানুষ, মারা গেছেন প্রায় ১৭.৫ লক্ষ। করোনার বিষয়ে বলতে গিয়ে হু প্রধান টেডরস জানান, "করোনা অতিমারী দেখিয়ে দিয়েছে কিভাবে মানুষের স্বাস্থ্য পৃথিবীর জলবায়ু ও প্রাণীসম্পদের সাথে জড়িত। তাই মহামারী রোধ করতে গেলে এই দুটি দিকেও আমাদের নজর দিতে হবে।"

কৃতকর্মেই ফলই ভুগতে হচ্ছে সমগ্র মানবজাতিকে
অতিমারীর প্রসঙ্গে বলতে গিয়ে ঘেব্রেসিস জানান যে এর আগেও বারংবার নানাভাবে মহামারীর আশঙ্কা দেখা গিয়েছে। এর আগেও করোনার উঁকিঝুঁকিতে মানবসমাজে সাড়া জাগলেও সেভাবে সাবধান হননি বিজ্ঞানীরা। টেডরসের মতে, "এর আগেও চোখ রাঙিয়েছে করোনা। কিন্তু মানবসমাজের একাধিক কর্মকাণ্ডের জেরেই প্রকৃতি সহ সমগ্র প্রাণীকূলের বড়সড় ক্ষতি হয়ে গিয়েছে, তারই ফল ভুগতে হচ্ছে আমাদের।"

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা থেকে সচেতনতার বার্তা
এদিকে করোনা আবহেই রবিবার সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের তরফে রবিবারই মহামারী সচেতনতা দিবসের আয়োজন করা হয়। সেখান থেকেই ভার্চুয়াল বার্তায় টেডরস জানান, "জনস্বাস্থ্যে বিনিয়োগের অভাবেই আজ স্বাস্থ্য পরিকাঠামোর এই হাল। করোনা অতিমারী থেকে আমাদের শিক্ষা নিয়ে আগে থেকে তৈরি থাকতে হবে, যাতে আগামী প্রজন্মকে নব মহামারীর হাত থেকে রক্ষা করা যায়।" পাশাপাশি বর্তমানে একাধিক দেশের ভ্যাকসিন প্রস্তুতি ও বিতরণ নিয়েও একাধিক বক্তব্য রাখতে দেখা যায় হু প্রধানকে।












Click it and Unblock the Notifications