Bangladesh Protest: অগ্নিগর্ভ বাংলাদেশ, দেখামাত্র গুলির নির্দেশ, বন্ধ ইন্টারনেট-মোবাইল পরিষেবা
বাংলাদেশ জুড়ে তুমুল উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে একের পর এক কড়া নির্দেশ দিয়ে চলেছেন হাসিনা সরকার। ইতিমধ্যেই বিক্ষোভ প্রবণ এলাকায় মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বিক্ষোভ চরমে উঠলে দেখা মাত্র গুলির নির্দেশ জারি করা হয়েছে।
দেশের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠায় বিদেশ সফর বাতিল করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যেই সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরে ১১৫ জনের বেশি মারা গিয়েছেন। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আহতও হয়েছেন শতাধিক।

ভারতীয় পড়ুয়াদের ফিরিয়ে আনা হচ্ছে দেশে। ইতিমধ্যেই প্রায় ৭৫০ জন ভারতীয় পড়ুয়াকে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা হয়েছে। এখনও ৪০০০ পড়ুয়া সেখানে রয়েছে বলে জানানো হয়েছে। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের নিরাপদ স্থানে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে নেপাল এবং ভুটান সরকারও তাঁদের পড়ুয়াদের বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে এই পরিস্থিতিতে বাংলাদেশ সফর এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতের পাশাপাশি আমেরিকাও এই সতর্কতা জারি করেছে তার দেশের নাগরিকদের জন্য। যদিও বাংলাদে্শ সরকার কড়াহাতে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে বলে জানিয়েছে।
এদিকে রবিবার ফের বাংলাদেশে সরকারি চাকরিতে সংরক্ষণ সংস্কার মামলার শুনানি রয়েছে। সংরক্ষণ ফিরিয়ে আনার রায় দানের পরেই উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে শহিদদের পরিবারের জন্য সরকারি চাকরিতে বিপুল সংরক্ষণ দেওয়া হয়েছিল। এছাড়াও একাধিক ক্ষেত্রে সংরত্রণ বহাল করার কারণে সাধারণ চাকরি প্রার্থীদের নিয়োগের তেমন কোনও আসন থাকছিল না। তারই প্রতিবাদে রাস্তায় নামে বাংলাদেশের পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয় চত্ত্বর থে্কে সেই আন্দোলন ভয়াবহ আকার নিয়েছিল।












Click it and Unblock the Notifications