Air India: মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির আভাস, তড়িঘড়ি হংকংয়ে ফিরল দিল্লিগামী এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনার
আমেদাবাদে ড্রিমলাইনার দুর্ঘটনার কয়েকদিনের মধ্যেই ফের এয়ার ইন্ডিয়ার আরও একটি বোয়িং ৭৮৭-৮ বিমান মাঝ আকাশে প্রযুক্তিগত ত্রুটির কারণে হংকংয়ে ফিরে যেতে বাধ্য হয়েছে।
এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ৩১৫, যা বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দ্বারা পরিচালিত, রবিবার সকালে হংকং থেকে যাত্রা করেছিল। সূত্রের খবর, হংকং থেকে দিল্লির উদ্দেশে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার বিমানটি মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফিরে যেতে বাধ্য হয়েছে।

বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট এআই ৩১৫ সোমবার সকালে হংকং থেকে দিল্লির পথে যাত্রা করার সময় এই সমস্যাটি ধরা পড়ে। স্ট্যান্ডার্ড সুরক্ষা প্রোটোকল মেনে পাইলট বিমানটিকে ফের হংকং বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
এখনও পর্যন্ত কারিগরি ত্রুটির বিষয়ে কোনও সরকারি ঘোষণা হয়নি। বিমানটি নিরাপদে হংকংয়ে অবতরণ করেছে এবং তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সমস্ত যাত্রী ও ক্রু সদস্যকে নিরাপদে বিমান থেকে বের করে আনা হয়েছে।
অনলাইন ট্র্যাকার ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, যাত্রী বোঝাই ওই বিমান উড়ানের ৯০ মিনিটের মধ্যেই হংকং বিমানবন্দরে ফিরে আসে। এয়ারইন্ডিয়া এখনও পর্যন্ত যান্ত্রিক সমস্যার প্রকৃতি বা ফ্লাইটটি পুনরায় শিডিউল করার বিষয়ে কোনও সরকারি বিবৃতি দেয়নি।
বর্তমানে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোই একমাত্র ভারতীয় বিমান সংস্থা যারা বোয়িং ৭৮৭ বিমান চালায়। ২০২৫ সাল পর্যন্ত, এয়ার ইন্ডিয়ার কাছে ৩৩টি ড্রিমলাইনার রয়েছে।
আহমেদাবাদের ঘটনার পর, ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন জেনারেল ইলেকট্রিকের জেনএক্স ইঞ্জিন যুক্ত সমস্ত বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারগুলির পরীক্ষানিরীক্ষা করার নির্দেশ দিয়েছে। আধিকারিকদের মতে, সুরক্ষা নির্দেশের মধ্যে কতগুলি বাধ্যতামূলক পরীক্ষা করতে বলা হয়েছে। সেগুলি হল - জ্বালানি প্যারামিটার এবং সিস্টেম ডায়াগনস্টিকসের নিরীক্ষণ, কেবিন এয়ার কম্প্রেসার এবং সম্পর্কিত উপাদানগুলির পরিদর্শন, ইলেকট্রনিক ইঞ্জিন কন্ট্রোল সিস্টেমের টেস্টিং, ফুয়েল-ড্রাইভেন অ্যাকচুয়েটর এবং তেল সিস্টেমের অপারেশনাল টেস্ট, উড়োজাহাজের হাইড্রোলিক সিস্টেমের সার্ভিসেবিলিটি পরীক্ষা, টেক-অফ থ্রাস্ট এবং পারফরম্যান্স প্যারামিটারগুলির পর্যালোচনা।
হংকং থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানটির যান্ত্রিক ত্রুটি এবং আহমেদাবাদের দুর্ঘটনা বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। পরপর দুর্ঘটনা ও গোলযোগের সম্ভাবনা আর বাড়ে কিনা সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications