লিবিয়ার কাছে নৌকাডুবি : ভূমধ্যসাগরে বিলীন ৪০০ যাত্রীর প্রাণ
লিবিয়া, ১৫ এপ্রিল : ভূমধ্যসাগরে আফ্রিকান অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ৪০০ জন প্রাণ হারালেন।
সংবাদসংস্থা রয়টার সূত্রে এই খবর জানা গিয়েছে। এই অভিবাসীরা ইতালি যাওয়ার জন্য আফ্রিকার লিবিয়া থেকে নৌকায় রওনা দিয়েছিলেন। উদ্ধার হওয়া যাত্রীরা এই খবর জানিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, অন্তত চারশো জনের মৃত্যু হয়েছে এদিনের নৌকাডুবিতে।

যাত্রী সূত্রে খবর, নৌকাটিতে প্রায় ৫৫০ জন যাত্রী ছিলেন। লিবিয়া উপকূল থেকে ছেড়ে আসার ২৪ ঘণ্টার মধ্যে নৌকাটি ডুবে যায়। গতকাল দক্ষিণ ইতালি থেকে ১৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
জানা গিয়েছে, প্রতিবছরই আফ্রিকা থেকে বহু মানুষ ইউরোপের দেশগুলিতে যাত্রা করেন। এই সময় আবহাওয়া ভালো থাকায় মানুষ পাচারের হিড়িক পড়ে যায়। এই নৌকায় যে যাত্রীরা ছিলেন তারা বেশিরভাগই সাব-সাহারান আফ্রিকার বাসিন্দা। এর বেশি আর কিছু এখনও জানা যায়নি।
লিবিয়ার সীমান্ত থেকে খুব কাছেই ইউরোপের দেশ ইতালি। সাব-সাহারান আফ্রিকার অধিবাসীরা তাই অনেকসময়ই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া হয়ে ইউরোপে অভিবাসনের চেষ্টা চালিয়ে থাকে। এই চক্র ঠেকাতে দুই দেশের সরকার উদ্যোগী হলেও অবৈধ অভিবাসন অনেকসময়ই ঠেকানো যাচ্ছে না।












Click it and Unblock the Notifications