ফের দিল্লিতে অ্যাসিড হামলার শিকার মহিলা, অবস্থা আশঙ্কাজনক
নয়াদিল্লি, ১০ জানুয়ারি : ফের দিল্লিতে অ্যাসিড হামলার শিকার মহিলা। মোটর সাইকেলে করে এসে ৩০ বছরের এক মহিলার উপর অ্যাসিড ছুঁড়ে দেয় দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় উত্তর পশ্চিম দিল্লির কেশব পূরম এলাকায়।
এই ঘটনায় পুলিশ একজন অভিষুক্তকে গ্রেফতার করেছে। ধৃতের নাম মনজিৎ, যিনি আহত মহিলার বাড়িওয়ালা। ঘটনাটি রাত সাড়ে আটটা নাগাদ ঘটেছে। এই মহিলা বাড়ির কাছেই একটি কারখানায় তাজ করতেন। কাজ সেরে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, হামলার পরে স্থানীয় লোকজন দ্রুত মহিলাকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, মহিলার মুখের ডানদিকের অংশ জ্বলে গিয়েছে। তাঁর চোখও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মনজিৎ নিজের অপরাধ স্বীকার করেছে, এবং পুলিশকে জানিয়েছে, ওই মহিলার সঙ্গে সম্পর্ক ছিল মনজিতের। কিন্তু কোনও কারণবশত তাদের সম্পর্কে তিক্ততা বাড়তে থাকে। এরপরই সে সিদ্ধান্ত নেয় কোনও ভাবে প্রেমিকাকে শিক্ষা দিতে হবে। আর সেই কারণেই অ্যাসিড ছুঁড়ে প্রেমিকার মুখ নষ্ট করে দিতে চেয়েছিল সে।
পুলিশ মনজিতের বিরুদ্ধে অ্যাসিড হামলার মামলা দায়ের করেছে। মনজিতের সঙ্গীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications