ইন্ডিগোর বিপর্যয়ে কেন আকাশছোঁয়া ভাড়া? দিল্লি ভোপাল রুটে ১.৩২ লক্ষ টিকিট, এত বাড়ল কীভাবে? জানুন
দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোর রোস্টারিং জটিলতায় কার্যত ভেঙে পড়েছে স্বাভাবিক বিমান পরিষেবা। শুক্রবার সকাল থেকেই একের পর এক ফ্লাইট বাতিলের মোট সংখ্যা ৪০০ ছাড়িয়ে গিয়েছে। এর জেরে বিমানবন্দরে আটকে পড়েছেন হাজার হাজার যাত্রী। কোথাও তিন দিন ধরে অপেক্ষা, কোথাও ক্ষোভে ফেটে পড়া বিক্ষোভ প্রায় সব বিমানবন্দরের চিত্রই বিশৃঙ্খল। লাগেজ হারানোর অভিযোগও উঠছে যাত্রীদের বড় অংশের কাছ থেকে।
এই টানা বিঘ্নের মধ্যেই আকাশপথে ভাড়ার লাগামছাড়া বৃদ্ধি অবিশ্বাস্য মাত্রায় পৌঁছেছে। দিল্লি ভোপাল রুটে একদম সাধারণ ইকনমি সিটের ভাড়া ছুঁয়েছে ১.৩২ লক্ষ, যা দেশের অভ্যন্তরীণ উড়ানের ইতিহাসে এক নজির।

তবে কেবল ভোপাল নয়, দিল্লি মুম্বাইয়ের মতো ব্যস্ততম রুটেও বেড়েছে ভাড়া। ৬ ডিসেম্বরের দিল্লি মুম্বাই এয়ার ইন্ডিয়ার নন স্টপ ফ্লাইটের টিকিট বিক্রি হচ্ছে প্রায় ৩৮,৬৭৬ এ। একই দিনে স্পাইসজেটের ওয়ান স্টপ অপশনের দাম ৪৮,১৩৩.যা সাধারণ সময়ের তুলনায় বহুগুণ বেশি।
দিল্লি বেঙ্গালুরু রুটেও ভাড়া পেরিয়েছে ৪০,০০০ এর গণ্ডি।
অদ্ভুতভাবে দেখা যাচ্ছে.দেশের ভেতরে ভ্রমণ বিদেশের তুলনায় বেশি ব্যয়বহুল হয়ে উঠেছে। দিল্লি থেকে দুবাই যাত্রার খরচ যেখানে প্রায় ২৩,০০০.সেখানে বেঙ্গালুরু থেকে দুবাই উড়ে যাওয়া যাচ্ছে মাত্র ১৮,০০০
এদিকে পরিস্থিতি সামাল দিতে নড়েচড়ে বসেছে বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)। পাইলটদের সাপ্তাহিক বিশ্রাম সংক্রান্ত নিয়মে ছাড় দিয়ে পরিবর্তন আনা হয়েছে এফডিটিএলে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 'সাপ্তাহিক বিশ্রামের পরিবর্তে ছুটি ব্যবহার করা যাবে না' এই বাধ্যবাধকতা প্রত্যাহার করা হচ্ছে, যাতে সংস্থাগুলি রোস্টারিং নমনীয়ভাবে পরিচালনা করতে পারে।
প্রসঙ্গত, ইন্ডিগো বর্তমানে দেশে বিদেশে প্রতিদিন প্রায় ২,৩০০ র বেশি ফ্লাইট পরিচালনা করে, ও তাদের বহরে রয়েছে ৪০০ এরও বেশি বিমান। এত বড় নেটওয়ার্কে এই বিপর্যয় যে যাত্রীদের জন্য গুরুতর সমস্যা ডেকে এনেছে, তা বলাই বাহুল্য।












Click it and Unblock the Notifications