Weather Alert: হিমাচল-উত্তরাখণ্ডে অরেঞ্জ অ্যালার্ট! বাংলা-সহ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস
Weather Alert: হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে ফের অতিভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দফতরে। বলা হয়েছে ২২-২৪ অগাস্টের মধ্যে সেখানে ফের অতিভারী বৃষ্টি হতে পারে। গত কয়কেদিন ধরে সেখানে অবিরাম বৃষ্টিপাতের কারণে দুটি রাজ্যকে আবারও সতর্ক করেছে আবহাওয়া দফতর।
উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ
আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, ২৪ অগাস্টের মধ্যে উত্তরখণ্ডে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৩ ও ২৪ অগাস্ট হিমাচল প্রদেশে এবং ২২ ও ২৩ অগাস্ট পশ্চিম উত্তর প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের তরফে চম্বা ও মান্ডি জেলায় আকষ্মিক বন্যার ব্যাপারেও সতর্কতা জারি করেছে। পাশাপাশি সেখানে ২৬ অগাস্ট পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির ফলে ভূমিধস, আকষ্মিক বন্যা, নদীতে জলস্তর বৃদ্ধিতে ক্ষতির আশঙ্কা করা হয়েছে। বলা হয়েছে ফসল ও চারাগাছের ক্ষতি হতে পারে।
পশ্চিমবঙ্গ-সিকিম ও উত্তর-পূর্ব ভারত
আবহাওয়া দফতরের তরফে ২৪ ও ২৫ অগাস্ট হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে ২২ ও ২৩ অগাস্ট অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিহারে ২৫ অগাস্ট পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ২১-২৫ অগাস্ট অসম ও মেঘালয়, ২৩-২৫ অগাস্ট অরুণাচল প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে।
মধ্যভারত
পশ্চিম মধ্যপ্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে ২৩ অগাস্টের মধ্যে। পূর্ব মধ্যপ্রদেশে একই পরিস্থিতি তৈরি হতে পারে ২২ ও ২৩ অগাস্ট।
দক্ষিণ ভারত
দক্ষিণ ভারতের জন্য আবহাওয়া দফতর জানিয়েছে, ২২ অগাস্ট তামিলনাড়ুতে বিক্ষিপ্তভাবে হাল্কা বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোনও কোনও জায়গায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতও হতে পারে।
এদিকে হিমাচল প্রদেশে ত্রাণে সহায়তা হিসেবে ২০০ কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্যে ত্রাণ ও উদ্ধার কাজের জন্য ভারতীয় সেনাবাহিনী ও ভারতীয় বিমান বাহিনীকে মোতায়েন করা হয়েছে।












Click it and Unblock the Notifications