দ্বাদশ শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যুতে উত্তপ্ত তামিলনাড়ু, পুলিশের গাড়িতে আগুন, স্কুলে ভাঙচুর
দ্বাদশ শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যুতে উত্তপ্ত তামিলনাড়ু, পুলিশের গাড়িতে আগুন, স্কুলে ভাঙচুর
দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে রবিবার উত্তপ্ত হয়ে ওঠে তামিলনাড়ুর কাল্লাকুরিচি এলাকা। বিক্ষু্ব্ধ জনতা ছাত্রীর মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের বিরুদ্ধে বাসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা পাথর ছোঁড়ে বলে অভিযোগ। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে পুলিশকে শূন্যে গুলি ছুড়তে হয়। পরিস্থিতি সামাল দিতে রাজ্যের শীর্ষ কর্তাদের ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দেন তামিলনাড়ুর প্রধানমন্ত্রী স্ট্যালিন।

বিক্ষোভকারীদের স্কুল ভাঙচুর
রবিবার সকাল থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যুর তদন্তের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষুব্ধ জনতা। প্রথম থেকেই বিক্ষোভ হিংসার আকার ধারণ করে। বিক্ষোভকারীদের একাংশ পুলিশের একটি বাসে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। পাশাপাশি অন্য একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়। এছাড়া বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে চিন্নাসালেমে একটি আন্তর্জাতিক স্কুলে চত্বরে হামলা করে। স্কুলে ভাঙচুর চালায়। স্কুলের আলমারি ভাঙচুর করে। মৃত ছাত্রী ওই স্কুলের পড়ুয়া ছিল বলে জানা গিয়েছে। স্কুলের গুরুত্বপূর্ণ নথি নষ্ট করে দেওয়া হয়েছে বলে বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। বিক্ষোভারীদের বিরুদ্ধে একাধিক জায়গায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।

পুলিশের অভিযোগ
বিক্ষোভের সঙ্গে সঙ্গে তাঁরা মহিলা ও পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে। ঘটনায় বেশ কয়েকজন কর্তব্যরত পুলিশকর্মী আহত হয়েছেন। বিক্ষোভকারীরা চেন্নাই-সালেম জাতীয় সড়ক অবরোধ করে। যার জেরে জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, বিক্ষোভে একটি যুব সংগঠন ও কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভে অংশ নেওয়ার জন্য আহ্বান করা হয়। যার ফলে খুব অল্প সময়ের মধ্যে এক বিশাল অঙ্কের বিক্ষোভকারীরা জমা হয়। পুলিশ বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি ছোড়ে। বিপুল সংখ্যক বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে পুলিশের কালঘাম ছুটে যায়। পরিস্থিতি সামাল দিতে আশেপাশের জেলা থেকে পুলিশ কর্মী ও আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

মুখ্যমন্ত্রীর আবেদন
পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন জনগণের কাছে শান্তি বজায় রাখার আবেদন করেন। মৃত ছাত্রীর রহস্যমৃত্যুর তদন্ত ও অভিযুক্তদের কঠোর শাস্তির অধীনে নিয়ে আসা হবে বলেও তিনি আশ্বাস দেন। তিনি রাজ্যের শীর্ষস্থানীয় পুলিশ আধিকারিকদের দ্রুত কাল্লাকুরুচিতে পৌঁছনোর এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেন।

দ্বাদশ শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু
বিক্ষোভস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে চিন্নাসালেমে একটি বেসরকারি আবাসিক স্কুলের দ্বাদশ শ্রেণির গত বুধবার রহস্যমৃত্যু হয়। ১৭ বছরের ওই ছাত্রী হস্টেলের তৃতীয় তল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিক তদন্তে মনে করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে ছাত্রীর শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ওই আঘাত মৃত্যুর আগে ছাত্রী পেয়েছিলেন বলে ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়। ছাত্রীর মৃত্যুতে হতবাক পরিবার। তাঁরা মৃত্যুর নেপথ্যে অন্য কোনও ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন। মৃত ছাত্রীর পরিবার, আত্মীয়, প্রতিবেশীরা কুড্ডালোর জেলার ভোপপুরের কাছে টানা চারদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভকারীরা ছাত্রীর মৃত্যুতে আন্তর্জাতিক স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।












Click it and Unblock the Notifications