Vande Bharat Metro: শিয়ালদহ শাখায় ছুটবে বন্দে ভারত লোকাল? বড় প্রোজেক্ট রেলের, কবে থেকে জেনে নিন
ভাবতে পারছেন বনগাঁ শাখায় বা শিয়ালদহ মেইন লাইনে চলছে লোকাল ট্রেন। দমদম স্টেশনে বাদুরঝোলা হয়ে নামছেন বন্দে ভারত এক্সপ্রেস থেকে। ভাবলেই কেমন একটা মনে হচ্ছে। হঠাৎ করে কি আমরা লাফ দিয়ে সেই সব ছবির মতো দেশে পৌঁছে যাব।
তবে বাস্তবে এমনটাই হতে চলেছে। এবার বন্দে ভারত মেট্রো আনতে চলছে ভারতীয় রেল। যেটি চলবে লোকাল ট্রেনের মতই। এসি কামরায় বসে রানাঘাট, বনগাঁ-বারাসাত কিম্বা কাকদ্বীপ-ডায়মন্ডহারবার-লক্ষ্মীকান্তপুর থেকে সটান শিয়ালদহ পৌঁছে যাওয়া। বাদুর ঝোলা হয়ে যাওয়ার কোনও জায়গাই নেই। কষ্ট কল্পনা বলে মনে হলেও এটাই হতে চলেছে।

ভারতের রেল পরিষেবাকে আমূল বদলে ফেলার পদক্ষেপ ইতিমধ্যেই করতে শুরু করে দিয়েছে ভারতীয় রেল। দেশের ১৮টি রুটে এখন চলছে একেবারে ভারতীয় প্রযুক্তিতে তৈরি সেমি হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস। ঝাঁ চকচকে তার কামরা। ভেতরটা দেখেই মোহিত হয়ে যাচ্ছেন সকলে। ৮ ঘণ্টার মধ্যে হাওড়া থেকে এনজেপি পৌঁছে যাওয়া যাচ্ছে। ৬ ঘণ্টার মধ্যে পৌঁছে যাচ্ছেন পুরী।
এবার লোকাল ট্রেনের ট্র্যাকেও নাকি ছুটবে বন্দে ভারত। তার নাম দেওয়া হয়েছে বন্দে ভারত মেট্রো। আগামী ৭ বছরের মধ্যে ভারতের একাধিক শহরে লোকাল ট্রেনের জায়গায় চালানো হবে এটি। ইতিমধ্যেই প্রথমে মুম্বইয়ে শহরতলিতে এই ট্রেন পরিষেবা চালু করার কথা প্রায় পাকা হয়ে গিয়েছে।

লোকাল ট্রেন একেবারে হাইটেক। যেমনটা বিদেশে দেখেন। দরজা খুলবে বন্ধ হবে অটোমেটিক। ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আর থাকবে না। যদিও মুম্বই লোকাল ট্রেনেই এই সিস্টেম দেখা যায়। ট্রেনের শেষে থাকবে ভেন্ডার। সেটাও আবার হবে এসি। ভাবুন ছানার গাড়ি বলে নাকে চাপা দিয়ে ট্রেনে উঠতেন এতোদিন। সেই ছানা যাবে এসি ভেন্ডারে।
কাঠের শক্ত সিট আর থাকবে না। অনেক আরামদায়ক হবে ট্রেনের সিট। যথারীতি আলাদা লেডিস কামরা থাকবে।
কামরায় আলো থাকবে এলইডি। বাল্ব ভেঙে অন্ধকার করে দেওয়ার সুযোগ আর থাকবে না। ফ্যানের হাওয়া নিয়েও ঝগড়া হবে না। কামরার ভেতরে থাকবে জিপিএস, সিসিটিভি ক্যােমরা, অ্যালার্ম। স্মার্ট এসি কোচ। বড় বড় জানলা। ট্রেন গুলির সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার।

মোবাইল চার্জ দেওয়ার জন্য থাকবে চার্জার। সমস্যা পড়লে সরাসরি চালক অথবা গার্ডের সঙ্গে কথা বলতে পারবেন টকব্যাক সিস্টেমের সাহায্যে। মোটের উপর সারাদিনের হাড়ভাঙা লখাটুনির পর বাড়ি ফিরতে ফিরতেই অর্ধেক কষ্ট জুড়িয়ে যাবে। প্রথম পর্যায়ে মুম্বইয়ে শুরু হলেও আগামী সাত বছরের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় এটি শুরু হয়ে যাবে ধাপে ধাপে। সেই তালিকায় শিয়ালদহ মেইন-দক্ষিণ শাখা আবার হাওড়া মেইন-কড লাইনও রয়েছে।












Click it and Unblock the Notifications