পুলিশকে হুঁশিয়ারির অডিও ভাইরাল! মন্ত্রীকে তলব করলেন মুখ্যমন্ত্রী
পুলিশ আধিকারিককে হুমকির অডিও ভাইরাল হতেই মন্ত্রীকে তলব করলেন মুখ্যমন্ত্রী। উত্তর প্রদেশের মন্ত্রী স্বাতী সিং পুলিশ আধিকারিককে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। সেই অডিও ভাইরাল হয়ে যায়।
পুলিশ আধিকারিককে হুমকির অডিও ভাইরাল হতেই মন্ত্রীকে তলব করলেন মুখ্যমন্ত্রী। উত্তর প্রদেশের মন্ত্রী স্বাতী সিং পুলিশ আধিকারিককে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। সেই অডিও ভাইরাল হয়ে যায়। যার জেরেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ডেকে পাঠান ওই মন্ত্রীকে। যদিও বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া ওই অডিও-র সত্যতা যাচাই করেনি।

মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের ডিজি কাছ থেকে বিষয়টি নিয়ে ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। পুলিশের তরফ থেকেও ওই অডিও-র সত্যতা যাচাই করা হচ্ছে বলেই জানা গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় যে অডিওটি ভাইরাল হয়েছে, তাতে শোনা যাচ্ছে উত্তর প্রদেশের মন্ত্রী স্বাতী সিং লখনৌ ক্যান্টনমেন্টের সাবইনস্পেকটর বিনু সিংকে প্রশ্ন করছেন, কেন সেখানকার আনসাল ডেভেলপার্সের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই ঘটনায় মন্ত্রী অসন্তোষ প্রকাশও করেন। মন্ত্রীকে বলতেও শোনা যায়, ওই কোম্পানির বিরুদ্ধে ভুয়ো মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আরও বলতে শোনা যায়, এটা একটা হাইপ্রোফাইল মামলা, বিষয়টি সম্পর্কে মুখ্যমন্ত্রীও অবগত আছেন।
মন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, মামলাটি ভুয়ো, তাই এটি বন্ধ করে দেওয়া হোক। আর যদি পুলিশ আধিকারিক মামলাটি নিয়ে এগিয়ে যেতে চান, তাহলে যেন মন্ত্রীর অফিসে দেখা করেন। তাঁর সঙ্গে বসে বিষয়টি মিটিয়ে ফেলারও আহ্বান জানান মন্ত্রী।
এই ঘটনার জেরে যোগী সরকারের কড় সমালোচনা করেছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি। মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে যাওয়ায় বিষয়টি আরও গুরুতর হয়েছে বলে মনে করে সমাজবাদী পার্টি। একই মত কংগ্রেসেরও।












Click it and Unblock the Notifications