কেন্দ্রীয় বাজেট ২০২০ : স্বাস্থ্য খাতে ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা অর্থমন্ত্রী সীতারমনের
২০২০-২১ অর্থবর্ষের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ তাঁর দ্বিতীয় বাজেট উপস্থাপন করলেন সংসদে। বাজেটে স্বাস্থ্যখাতে বিশেষ গুরুত্ব দিয়েছে কেন্দ্র৷ বাজেট পেশের সময় অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবর্ষে বাজেটে স্বাস্থ্যখাতে ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছেন তিনি। বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী আরোগ্য যোজনায় জোর দেওয়ার পাশাপাশি চালু হচ্ছে মিশন ইন্দ্রধনুষ প্রকল্প৷ ১২টি বিশেষ রোগের চিকিৎসার জন্য এই প্রকল্প চালু হচ্ছে৷

বাজেট উপস্থাপন
এদিন বাজেট উপস্থাপনের আগে তিনি মোদী সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তাঁর বক্তব্যে। অর্থমন্ত্রী বলেন, '২০১৯ সালের মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও সরকার গঠনের জন্য বিশাল জনাদেশ পেয়েছিলেন। নতুন উদ্দমের সাথে তাঁর নেতৃত্বে আমরা জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। ভারতের জনগণ শুধুমাত্র রাজনৈতিক স্থিতিশীলতার জন্যেই নয় বরং আমাদের অর্থনৈতিক নীতির প্রতি বিশ্বাসের ফলেই আমাদের বেছে নিয়েছে।'

স্বাস্থ্য খাতে বিশেষ নজর
সেই সাফল্য এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলে স্বাস্থ্য খাতে বিশেষ নজর দেওয়ার কথা বলেন অর্থমন্ত্রী। আজ স্বাস্থ্য খাতের প্রকল্পের প্রস্তাব করতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, 'জল ও শৌচালয়ের উন্নতি সাধন উন্নত ভারতের জন্য জরুরি। এই সরকার সেদিকেই এগোচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রেও আমরা এগিয়েছি। ফিট ইন্ডিয়া মুভমেন্ট জনচেতনা বাড়িয়েছে। স্বচ্ছ ভারত মিশন, জলজীবন মিশন এই ভাবনাকে গতি দিয়েছে। আগামিদিনে টিয়ার ২ ও টিয়ার ৩ শহরে আরও হাসপাতাল তৈরি হবে। এবং সেজন্য বাজেটে পিপিপি মডেলের প্রস্তাবনা রাখা হয়েছে।'

যক্ষা নির্মূল করতে বাজেটে বিশেষ প্রস্তাব
২০২৫ সালের মধ্যে দেশ থেকে যক্ষা নির্মূল করতে বাজেটে বিশেষ প্রস্তাব রয়েছে। এছাড়া আয়ুষ্মান প্রকল্পে ১১২টি জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে ৷ সরকারি ও বেসরকারি উদ্যোগে আরও মেডিক্যাল কলেজ তৈরির প্রস্তাব রয়েছে৷ এছাড়া বাজেটে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে জেলা হাসপাতালের সঙ্গে মেডিক্যাল কলেজকে যুক্ত করার প্রস্তাব রয়েছে৷

আরও কয়েকটি ঘোষণা করেন অর্থমন্ত্রী
পাশাপাশি নির্মলা সীতারমন আরও বলেন, 'সেপ্টিক ট্যাঙ্কের ম্যানুয়াল সংষ্কার হবে না। এই সরকার নয়া প্রযুক্তি নিয়ে আসছে। কাউকে এই কাজে ম্যানুয়ালি নিযুক্ত করা হবে না বলে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন।' এছাড়া বাজেটে বলা হয়েছে, এবার থেকে দেশের বড় হাসপাতালগুলি থেকে বিএনডি ও এসএনবি ডিগ্রি প্রদান করা হবে ।












Click it and Unblock the Notifications