করাচিতে মেয়ের বিয়ে দিল ছোটা শাকিল, 'রিসেপশন' দুবাইয়ে

দাউদ ইব্রাহিমের ডান হাত ছোটা শাকিলের ভয়ে কাঁপে মুম্বইয়ের শিল্পপতি, চলচ্চিত্র তারকারা। এখন তার আবাস পাকিস্তানের করাচি। সেখান থেকে সে নিয়ন্ত্রণ করে মুম্বইয়ের অন্ধকার জগৎ। গোয়েন্দা সূত্রে খবর, করাচির ডিফেন্স কলোনিতে নিজের বাংলোয় ধুমধাম করে মেয়ের বিয়ে দিয়েছে এই মাফিয়া। ২৭ সেপ্টেম্বর দুবাইতে একটি রিসেপশনের আয়োজন করা হয়েছে।
ছোটা শাকিলের মেয়ে জোয়া পেশায় ডাক্তার। বিয়ে হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র নিবাসী পাকিস্তানি বংশোদ্ভুত এক ডাক্তারের সঙ্গে। দু'জনে একই মেডিক্যাল কলেজ থেকে পাশ করেছে। আগামী মাসেই এই নববিবাহিত দম্পতি পাকাপাকিভাবে পাড়ি দেবে আমেরিকা। সেখানেই বসবাস শুরু করবে।
তবে নিরাপত্তার কারণে ছোটা শাকিল বা দাউদ ইব্রাহিম কেউ দুবাইয়ের ওই রিসেপশনে আসছে না বলে জানিয়েছেন গোয়েন্দারা। কারণ সেখানে মুম্বই পুলিশের চর ছাড়াও বিরুদ্ধ গোষ্ঠীর মাফিয়ারা ছদ্মবেশে থাকতে পারে বলে আশঙ্কা করছে দুই ডন। ছোটা শাকিলের বন্ধুরাই অনুষ্ঠানের দায়িত্ব সামলাবে।












Click it and Unblock the Notifications