কর্ণাটকে 'ইউ টার্ন'! কংগ্রেস-জেডিএস জোট সরকার গঠনের পথে
বিজেপি সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছতে পারছে না জেনে কংগ্রেসের তরফে তৎপরতা শুরু হল কীভাবে বিজেপিকে আটকানো যায় তা নিয়ে। আর তাতেই সাফল্যের পথে কংগ্রেস।
কর্ণাটকে আচমকা ইউ টার্ন। বেলার গড়ার পর থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে কংগ্রেসকে ছাপিয়ে বিজেপি সরকার গঠন করতে চলেছে। সেইমতো বিজেপি সমর্থকেরা সারা রাজ্যে উৎসব শুরু করে দিয়েছিলেন। বিজেপির তরফে বিজয়ের প্রস্তুতি তো বটেই মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের দিনক্ষণ ঠিক করে ফেলা হয়েছিল।

তবে হঠাৎ করে সুর পাল্টে গেল দুপুরের পরই। বিজেপি সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছতে পারছে না জেনে কংগ্রেসের তরফে তৎপরতা শুরু হল কীভাবে বিজেপিকে আটকানো যায় তা নিয়ে। আর তাতেই সাফল্যের পথে কংগ্রেস।
কংগ্রেসের তরফে গুলাম নবি আজাদ সরাসরি কথা বলেন জেডিএস নেতা এইচডি দেবগৌড়ার সঙ্গে। কংগ্রেস সরাসরি মুখ্যমন্ত্রীর পদ অফার করেছে জেডিএসকে। এক্ষেত্রে কুমারস্বামী পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন কর্ণাটকের। কংগ্রেস এক্ষেত্রে জেডিএসের জোটসঙ্গী হিসাবে কাজ করবে।
মূল উদ্দেশ্য বিজেপিকে ঠেকানো। সেজন্য জেডিএসের সমস্ত শর্তই এখন মেনে নিতে পারে কংগ্রেস। জানা গিয়েছে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীও ইতিমধ্যে দেবগৌড়ার সঙ্গে কথা বলেছেন। কংগ্রেসের তরফে তিনিও সমর্থনের কথা বলেছেন।
এমন হলে বিজেপি সংখ্যাগরিষ্ঠ দল হয়েও সরকার গঠন করতে পারবে না। কংগ্রেস ৭২ ও জেডিএস ৪১টি আসনে জিতে সরকার গড়ে নেবে।












Click it and Unblock the Notifications