জন্মাষ্টমী উদযাপনের সময় মথুরার বাঁকে বিহারি মন্দিরে উপচে পড়া ভিড়, শ্বাসরোধ হয়ে মৃত ২
বৃহস্পতিবার জন্মাষ্টমী উপলক্ষে মথুরার বাঁকে বিহারি মন্দিরে শ্বাসরোধ হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। ঘটনায় ছয় জন আহত হয়েছেন। মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষ্যে জনসমাগম হয়। ভিড়ের চাপেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। মঙ্গলা আরতির সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

মথুরার পুলিশ সুপার জানিয়েছেন, বাঁকে বিহারি মন্দিরে মঙ্গলা আরতির সময় দুর্ঘটনা ঘটে। সেই সময় এক পুণ্যার্থী প্রস্থান গেটে অজ্ঞান হয়ে পড়ে যান। সেই সময় প্রস্থান গেটটি ভেঙে পড়ে। ঘটনার জেরে সাময়িকভাবে প্রস্থান গেটটি বন্ধ করে দেওয়া হয়। সেই সময় মন্দিরে প্রবল ভিড়ে বেশ কয়েকজনের শ্বাসকষ্ট দেখা দেয়। তাঁরা অসুস্থ হয়ে পড়েন। ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন দুই জন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতরা হলেন নির্মলা দেবী ও রমাপ্রসাদ বিশ্বকর্মা। ভিড়ের জেরে বাঁকে বিহারী মন্দিরে আরও ছয় জন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পর কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
শুক্রবার সারা দেশে জন্মাষ্টমী পালিত হয়েছে। দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভক্তরা জন্মাষ্টমী পালন করেছেন। শুক্রবার দেশের বিভিন্ন প্রান্তে শ্রীকৃষ্ণের মন্দিরগুলো রঙিন আলোয় আলোকিত হয়ে পড়ে। প্রতিটি মন্দিরেই পুণ্যার্থীদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। একাধিক মন্দিরে জন্মাষ্টমী মধ্যরাতে উদযাপন করা হয়। পুরাণ মতে একটি ঝড়জলের রাতে জন্ম হয় শ্রীকৃষ্ণের। সেই কারণেই অনেক পুণ্যার্থী মধ্যরাতে উদযাপন করেন। হিন্দুদের একটি ছুটির দিন হিসেবে জন্মাষ্টমী ঘোষণা করা হয়। শ্রীকৃষ্ণকে ভগবান বিষ্ণুর অবতার হিসেবে ধরা হয়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভাদ্র মাসের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালন করা হয়। পশ্চিমি ক্যালেন্ডার অনুসারে অগস্টের মাঝামাঝি বা সেপ্টেম্বরে জন্মাষ্টমী পড়ে। একাধিক অনুষ্ঠানের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করা হয়।
জন্মাষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণকে অনেক জায়গায় শিশু হিসেবে পুজো করা হয়। শিশু শ্রীকৃষ্ণকে গোপাল বলেও উল্লেখ করা হয়। কোথাও আবার গোবিন্দ বলে উল্লেখ করা হয়। পুজোর সময় একদিকে যেমন শিশুদের পছন্দের জিনিস যেমন চকলেট বা খেলনা দেওয়া হয়। তেমনি দহি হান্ডির মতো অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরাণ মতে, বালক শ্রীকৃষ্ণ খুদে বন্ধুদের সঙ্গে প্রতিবেশীদের বাড়ি থেকে মাখন চুরি করতেন। সেই অনুসারেই দহি হান্ডি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের গোবিন্দ বলেও উল্লেখ করা হয়।












Click it and Unblock the Notifications