Tomato Price: টম্যাটোর দাম হবে ৩০০ টাকা কিলো! হু-হু করে দরবৃদ্ধির কতটা প্রভাব হেঁশেলে?
Tomato Price: টম্যাটোর দাম চোখ রাঙাচ্ছে। হু-হু করে বাড়ছে দর। প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। যার ফলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই টম্যাটোর দাম কেজিতে হবে ৩০০ টাকা! এমনটাই আশঙ্কা করা হয়েছে।
তথ্য বলছে, টম্যাটোর দাম বিগত এক মাসে তিনশো শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। গ্রাম এলাকায় যেখানে টম্যাটো চাষ হয়, সেখানে তবু মন্দের ভালো। শহরের বাজারগুলিতে তো দামে রীতিমতো ছ্যাঁকা লাগছে।

লোকালসার্কলসের সমীক্ষায় জানা যাচ্ছে, অস্বাভাবিক হারে দাম বৃদ্ধির ফলে ৬৮ শতাংশ পরিবার টম্যাটো কেনা কমিয়ে দিয়েছে। ১৪ শতাংশ পরিবার টম্যাটো কেনা আপাতত বন্ধই রেখেছে। টম্যাটো ছাড়াই বানাতে হচ্ছে খাবার। বিভিন্ন শহর থেকে নেওয়া তথ্য বলছে, খুচরো বাজারে তো বটেই, পাইকারি বাজারেও অনেকটা বেড়েছে দাম।
দিল্লির বিভিন্ন বাজারে সমীক্ষা করে দেখা গিয়েছে টম্যাটোর দাম জুনের ২৪ তারিখেও যেখানে ছিল ২০ থেকে ৩০ টাকা কিলো, সেটাই বেড়ে হয়েছে কোথাও ১৮০ টাকা, কোথাও বা ২২০ টাকা। কলকাতাতে টম্যাটোর দাম ঘোরাফেরা করছে দেড়শো টাকার আশেপাশে।

সরকারি তথ্য বলছে, গত এক মাসে টম্যাটোর দাম ৩২৬.১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগামী দিনে তা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে দেশের বিভিন্ন অংশে প্রবল বর্ষণ ও বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায়। দিল্লি ও সংলগ্ন এলাকায় ন্যাশনাল কোঅপারেটিভ ফেডারেশন অব ইন্ডিয়া ৯০ টাকা কিলো দরে টম্যাটো বিক্রি করছে মোবাইল ভ্যানের মাধ্যমে।

সমীক্ষায় প্রকাশ, ৮৭ শতাংশ ক্রেতা বলছেন তাঁদের এক কেজি টম্যাটো কিনতে খরচ হচ্ছে ১০০ টাকার বেশি। গ্রামীণ এলাকার মানুষ জানিয়েছেন তাঁরা এখনও ১০০ টাকার কমেই এক কিলো টম্যাটো কিনতে পারছেন। ১০,৯৭২ জন ক্রেতার মধ্যে সমীক্ষাটি চালানো হয়েছে। যাতে ১০০ থেকে ১৫০ টাকা কিলো দরে কিনছেন ৪১ শতাংশ ক্রেতা।
এক কিলো টম্যাটো কিনতে ১৫০ থেকে ২০০ টাকা খরচ পড়ছে বলে জানিয়েছেন ২৭ শতাংশ ক্রেতা। ২০০ থেকে ২৫০ টাকা কিলো দরে টম্যাটো কেনার কথা জানিয়েছে ১৪ শতাংশ পরিবার। কেজিতে আড়াইশো টাকার বেশি ইতিমধ্যেই খরচ করতে হচ্ছে ৫ শতাংশ ক্রেতাকে।
২৭ জুন যেখানে কেজিতে ১০০ টাকার বেশি খরচ করে টম্যাটো কেনার কথা জানিয়েছিল ১৮ শতাংশ পরিবার, সেটাই ১৪ জুলাই বেড়ে হয়েছে ৮৭ শতাংশ।












Click it and Unblock the Notifications