২০১৯-এ বিজেপিই কি ক্ষমতাসীন! ইন্ডিয়া টুডে-কার্ভির সমীক্ষায় উঠে এল ৩ সম্ভাবনা
লোকসভা নির্বাচনের সাতমাস বাকি থাকতেই দেশব্যাপী সমীক্ষা চালিয়েছে ইন্ডিয়া টুডে-কার্ভি ইনসাইট মুড। তাদের সমীক্ষায় তিন ধরনের অনুমানের কথা উঠে এসেছে।
দেশে সাধারণ নির্বাচনের সাতমাসও বাকি নেই। বিরোধীদের তরফে এনডিএ-কে প্রতিদ্বন্দ্বিতায় ফেলার মতো কোনও জোট এখনও গড়ে ওঠেনি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেডারেল ফ্রন্টও এখনও রয়ে গিয়েছে কাগজে-কলমে। এরই মধ্যে ২০১৯-এর ভোটের ভবিষ্যৎ নিয়ে চলছে নানা অনুমান।
লোকসভা নির্বাচনের সাতমাস বাকি থাকতেই দেশব্যাপী সমীক্ষা চালিয়েছে ইন্ডিয়া টুডে-কার্ভি ইনসাইট মুড। তাদের সমীক্ষায় তিন ধরনের অনুমানের কথা উঠে এসেছে। ভোট পূর্ববর্তী আনুমানিক জোট গঠনের ওপর ভিত্তি করে একাধিক সমীকরণ প্রকাশ করা হয়েছে।

ইন্ডিয়া টুডে-কার্ভির প্রথম সমীকরণ
ইউপিএ ও এনডিএ যদি ২০১৪-র মতো করেই লড়াই করে তাহলে এনডিএ পেতে পারে ২৮১ টি আসন। অন্যরা পেতে পারে ১৪০ টি আসন। এক্ষেত্রে এসপি, বিএসপি এবং তৃণমূলকে কোনও জোটেই রাখা হয়নি। কংগ্রেস একা পেতে পারে ৮৩ টি আসন, বিজেপি একা পেতে পারে ২৪৫ টি আসন। অন্যরা পেতে পারে ২১৫ টি আসন। ভোটের শতাংশের নিরিখে এনডিএ পেতে পারে ৩৬ শতাংশ, ইউপিএ পেতে পারে ৩১ শতাংশ আর অন্যরা পেতে পারে ৩৩ শতাংশ ভোট।

ইন্ডিয়া টুডে-কার্ভির দ্বিতীয় সমীকরণ
ইউপিএ যদি ভোট পূর্ববর্তী জোট করে এসপি, বিএসপি এবং তৃণমূলের সঙ্গে, তাহলে এই জোট যথেষ্ট সাফল্য পেতে পারে। ২২৪ টি পর্যন্ত আসন পেতে পারে তারা। এক্ষেত্রে এনডিএ পেতে পারে ২২৮ টি আসন। আর অন্যরা পেতে পারে ৯১ টি আসন। শতাংশের নিরিখে ইউপিএ ৪১ শতাংশ ভোট পেতে পারে। এনডিএ পেতে পারে ৩৬ শতাংশ আর অন্যরা পেতে পারে ২৩ শতাংশ ভোট।
এক্ষেত্রে উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গ থেকে বহু আসন ইউপিএ পেতে পারে বলে অনুমান।

ইন্ডিয়া টুডে-কার্ভির তৃতীয় সমীকরণ
দক্ষিণে তামিলনাড়ুতে এআইএডিএমকে এবং অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর কংগ্রেস যদি এনডিএ-তে যোগ দেয় তাহলে এনডিএ পেতে পারে ২৫৫ টি আসন। অন্যদিকে, এনডিএ ছেড়ে যাওয়া তেলেগু দেশম কিংবা পিপলস ডেমোক্রেটিক পার্টি যদি ইউপিএ-তে যোগ দেয় তাহলে তারা পেতে পারে ২৪২ টি আসন। অন্যরা পেতে পারে ৪৬ টি আসন। শতাংশের নিরিখে এনডিএ পেতে পারে ৪১ শতাংশ ভোট, ইউপিএ পেতে পারে ৪৩ শতাংশ ভোট আর অন্যরা পেতে পারে ১৬ শতাংশ ভোট।তবে বিজেডি এবং টিআরএস-এর ভূমিকাও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তারা যদি ভোটের পরে এনডিকে সমর্থন করে তাহলে এনডিএ-র ক্ষমতায় আসা একরকম নিশ্চিত। সিপিআই-সিপিএমকে রাখা হয়েছে অন্যদের দলে।
তিনটি সমীকরণেই দেখা যাচ্ছে, ২০১৯-এর নির্বাচনে বিজেপিই সর্ববৃহৎ দল হতে চলেছে।

পছন্দের প্রধানমন্ত্রী
চার বছর ক্ষমতায় থাকলেও পছন্দের প্রধানমন্ত্রী হিসেবে সমীক্ষায় উঠে এসেছে নরেন্দ্র মোদীর নামই। তাঁকে পছন্দ করছেন ৪৯ শতাংশ মানুষ। অন্যদিকে ২৭ শতাংশ মানুষের পছন্দ রাহুল গান্ধীকে।












Click it and Unblock the Notifications