রাজ্যসভা থেকে ছুটি পেলেন শচীন তেণ্ডুলকর

ডেপুটি চেয়ারম্যান পিজে কুরিয়েন জানিয়েছেন, ব্যক্তিগত ও পেশাদার কারণে এবং পরিবারের প্রয়োজনে শচীন রমেশ তেণ্ডুলকর রাজ্যসভাতে অনুপস্থিত থাকার জন্য অনুমতি চেয়েছিলেন। সেই আবেদন গৃহীত হয়েছে।
শুধু শচীনের ক্ষেত্রেই নয়, মাঝে মধ্যেই দেখা যায় সাংসদরা বিভিন্ন কারণ দেখিয়ে কক্ষে উপস্থিত না থাকার জন্য অনুমতি চেয়ে আবেদন করেন। সদস্যরা বিনা বিরোধিতায় তা মেনেও নেন। যদিও শচীনের ক্ষেত্রে সাংসদদের একাংশ বিরোধিতা করলেও শেষ মেশ শচীনের ছুটি মঞ্জুর হয়।
শচীনের ছুটির আবেদন যখন কুরিয়েন পড়তে শুরু করেন তখনই বিরোধ শুরু করেন কিছু সাংসদ। সমাজবাদী পার্টির নরেশ আগরওয়াল বলেন, " শচীন দিল্লিতে এসেছিলেন, বিজ্ঞান ভবনেও গিয়েছিলেন অথচ কক্ষে আসেননি। যদি কোনও সাংসদ দিল্লি আসেন অথচ সংসদে না আসেন তাহলে ধরে নিতেই হবে যে তিনি সংসদের অপমান করছেন। এই বিষয়টি শচীনকে ব্যাখ্যা করতে হবে।
যদিও কুরিয়েন জানিয়েছেন, বিভিন্ন কারণে অনেক সাংসদই কক্ষে অনুপস্থিত থাকেন। সাংসদদের কাজ না কোন সংসদ কেন অনুপস্থিত থাকছেন তা অনুসন্ধান করা। এর পরে শচীনের ছুটি মঞ্জুর করা হয়।












Click it and Unblock the Notifications