'আম্মা'-র মৃত্যুতে তদন্ত কমিশনে সায় পালানিস্বামীর, সংযুক্তির পথে জয়ললিতার সাধের দল
জয়ললিতার মৃত্যুর তদন্তে কমিশনের গঠনের ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামী, মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এই কমিশনের মাথায় থাকবেন। সংযুক্তির পথে আম্মার দলের দুই শিবির।
তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর তদন্ত করতে একটি কমিশন গঠন করা হবে। বৃহস্পতিবার এমনই ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামী। সেইসঙ্গে আম্মার প্রাসাদোপন পোয়েজ গার্ডেনের বাসভবনকেও একটি স্মৃতিসৌধে পরিণত করার কথা জানিয়ে দিলেন পালানিস্বামী।

আম্মার মৃত্যু কী পরিস্থিতিতে হয়েছিল, তা জানতে অনেকদিন ধরেই তদন্তের দাবি জানিয়ে আসছে পন্নিরসেলভম গোষ্ঠী। শেষ পর্যন্ত তাঁর দাবিকে মান্যতা দিয়েই তদন্ত কমিশন গঠনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী পালানিস্বামী। এদিন তিনি জানান, জয়ললিতার মৃত্যুর তদন্তে গঠিত কমিশনের নেতৃত্ব থাকবেন মাদ্রাজ হাইকোর্টের কোনও এক প্রাক্তন বিচারপতি। সময়মতই তদন্ত কমিশনের সদস্যদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য কিছুদিন ধরেই এআইএডিএমকে-র দুই শিবির মিশে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু তারজন্য আম্মা ঘনিষ্ঠ পন্নিরসেলভমের প্রাথমিক শর্তই ছিল জয়ললিতার মৃত্যুর তদন্ত। শশিকলা নটরাজন ও তাঁর ভাইপো দিনাকরণের ডানা ছেঁটে দ্বিতীয় শর্তটি অবশ্য আগেই পূরণ করেছে পালানিস্বামী গোষ্ঠী। ফলে ভেঙে যাওয়া আম্মার দল ফের সংযুক্তির পথে আরও খানিকটা এগিয়ে গেল। এআইএডিএমকে-র দুই শিবিরের মিশে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে দ্রাবিড় রাজনীতিতে।












Click it and Unblock the Notifications