লোকসভায় আর নয়! সুষমা স্বরাজ জানিয়েদিলেন নিজের সিদ্ধান্ত
আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। স্বাস্থ্যের কারণেই এই সিদ্ধান্ত। জানিয়েছেন, কেন্দ্রের শাসকদলের অন্যতম বর্ষীয়ান এই মন্ত্রী।
আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। স্বাস্থ্যের কারণেই এই সিদ্ধান্ত। জানিয়েছেন, কেন্দ্রের শাসকদলের অন্যতম বর্ষীয়ান এই মন্ত্রী। মধ্যপ্রদেশে তিনি এই মন্তব্য করেছেন। নির্বাচনে লড়াই না করার ব্যাপারে তিনি মন ঠিক করে নিয়েছেন বলে জানিয়েছেন সুষমা। এই মুহূর্তে মধ্যপ্রদেশের বিদিশার সাংসদ তিনি।

বিজেপি সূত্রে খবর, শারীরিক কারণে বিদিশা কেন্দ্রে দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন তিনি। তাঁর কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল। লোকসভায় না দাঁড়ালেও, তাঁকে রাজ্যসভা থেকে জিতিয়ে নিয়ে আসা হবে।
পরিবার সূত্রে খবর, শারীরিক কারণের তিনি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছেন।
১৯৫২-র ১৪ ফেব্রুয়ারি জন্ম সুষমা স্বরাজের। জন্মস্থান হরিয়ানার আম্বালা ক্যান্টনমেন্ট। তাঁর বাবা আরএসএস-এর সদস্য ছিলেন। ১৯৭৩-এ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে যোগ দেন।
১৯৭০-এর দশকে এবিভিপি সদস্য হিসেবে ছাত্র রাজনীতিতে যোগ। স্বামী স্বরাজ কৌশল জর্জ ফার্নান্ডেজের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
১৯৭৭-১৯৮২ পর্যন্ত হরিয়ানা বিধানসভার সদস্য ছিলেন তিনি। ১৯৭৭-এ দেবীলাল মন্ত্রিসভায় ক্যাবিনেট মন্ত্রী হিসেবে যোগ দেন। ২৭ বছর বয়সে ১৯৭৯ সালে হরিয়ানায় জনতা পার্টির রাজ্য সভাপতি নিযুক্ত হয়েছিলেন। ১৯৮৭-১৯৯০ সালের মধ্যে হরিয়ানায় বিজেপি-লোকদল সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন তিনি।

১৯৯০ সালে রাজ্যসভায় নির্বাচিত হন তিনি। ১৯৯৬ সালে ১১ তম লোকসভায় দক্ষিণ দিল্লি কেন্দ্র থেকে জয়ী হন সুষমা। ১৯৯৬ সালে অটলবিহারী বাজপেয়ী সরকারে ১৩ দিনের সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছিলেন তিনি। ১৯৯৮ সালে ১২ তম লোকসভায় দক্ষিণ দিল্লি থেকেই নির্বাচিত হন। বাজপেয়ী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্ব পেয়েছিলেন।
১৯৯৮-র অক্টোবরে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ইস্তফা দেন তিনি। দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হন।
১৯৯৯-এর সেপ্টেম্বরে ১৩ তম লোকসভা কর্নাটকের বেল্লারি আসনে সনিয়া গান্ধীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। যদিও পরাজিত হন।
২০০০ সালে ফের রাজ্যসভায় নির্বাচিত হন। ২০০৪ পর্যন্ত তিনি কেন্দ্রের একাধিক মন্ত্রক সামলেছেন।
২০০৯-এ ১৫ তম লোকসভায় মধ্যপ্রদেশের বিদিশা লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন। বিরোধী দলনেতাও নির্বাচিত হন তিনি। এরপর ১৬ তম লোকসভায় জেতার পর বিদেশমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন।












Click it and Unblock the Notifications