জেট এয়ারওয়েজের বোয়িং ৭৩৭ বিমানে স্পাইস জেটের স্টিকার
২৫ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর আর্থিক সঙ্কটে প্রায় বন্ধ হয়ে যাওয়া জেট এয়ারওয়েজের বোয়িং ৭৩৭ বিমানে, নিজেদের স্টিকার লাগাল স্পাইস জেট।
২৫ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর আর্থিক সঙ্কটে প্রায় বন্ধ হয়ে যাওয়া জেট এয়ারওয়েজের বোয়িং ৭৩৭ বিমানে, নিজেদের স্টিকার লাগাল স্পাইস জেট। জেট এয়ারওয়েজের বিমানে থাকা হলুদ-নীল স্ট্রিপের ঠিক উপর তাদের লাল রংয়ের লোগো বসানোর ছবি টুইটারে পোস্টও করেছে স্পাইস জেট। জেট এয়ারওয়েজ থেকে চাকরি হারানো কর্মচারীদের পুনর্নিয়োগের জন্য ওই সংস্থার আরো সাতাশটি বিমান তারা চালাতে চায় বলেও জানিয়েছে লো কস্ট ক্যারিয়ার স্পাইস জেট।

স্পাইস জেটের দাবি, ইতিমধ্যেই জেট এয়ারওয়েজের একশো জন পাইলট, দুশো জন কেবিন-ক্রু, দুশো জন টেকনিক্যাল ও বিমানবন্দরের কর্মীকে তারা, তাদের সংস্থায় চাকরি দিয়েছে। অন্যদিকে, জেট এয়ারওয়েজে আর্থিক সঙ্কটের জেরে, ওই সংস্থার চারশো জন পাইলট ও চল্লিশ জন ইঞ্জিনিয়ার বিভিন্ন বিমান সংস্থায় যোগ দিয়েছেন বলেও খবর। সূত্রের খবর, আন্তর্জাতিক রুটের জন্য জেট এয়ারওয়েজের বড় বিমানগুলি চালানোর আগ্রহ প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়াও।
ওদিকে, জেট এয়ারওয়েজের ৭৫% শেয়ার বিক্রির জন্য নিলাম প্রক্রিয়া শুরু করেছে ঋণদাতারা। সেই প্রক্রিয়া সফল না হলে, দেউলিয়া বিধির কাঠামোর বাইরে থেকে সম্পত্তি বা শেয়ার বিক্রি করার কথাও ভাবছে তারা। মার্চের শেষে ১ টাকার বিনিময়ে জেট এয়ারওয়েজের ৫১% শেয়ার নিয়েছে ঋণদাতা ব্যাঙ্কগুলি। কিন্তু পুঁজির অভাবে পরিষেবা বন্ধ করেছে ওই বিমানসংস্থা। সূত্রের খবর, সংস্থার শেয়ার বিক্রির প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আগ্রহপত্র জমা দিয়েছে এতিহাদ এয়ারওয়েজ, টিপিজি ক্যাপিটাল, ইন্ডিগো পার্টনার্স, এনআইআইএফ।
জেট এয়ারওয়েজের সমস্যা নিয়ে অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে দেখা করেছেন সংস্থার সিইও বিনয় দুবে, অসামরিক বিমান পরিবহণ দফতরের সচিব প্রদীপ সিংহ খারোলা। জেট এয়ারওয়েজকে পুনরুদ্ধারের বিষয়টি অর্থমন্ত্রী খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে সূত্রের খবর।












Click it and Unblock the Notifications